ছবি: সংগৃহীত
শিশু নির্যাতনসংক্রান্ত একটি চ্যাটরুমে যুক্ত থাকার অভিযোগ ওঠার পর মার্কিন টেলিভিশনের আইকনিক গেম শো ‘হুইল অব ফরচুন’-এর ঘোষক জিম থর্নটনকে বরখাস্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স টেলিভিশন। অভ্যন্তরীণ তদন্ত শেষে তাকে অবিলম্বে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, গত মঙ্গলবার জিমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ওঠায় তাকে অনুষ্ঠান থেকে সাময়িকভাবে সরিয়ে রাখা হয়। সংবাদমাধ্যম টিএমজেড জানায়, বিমানে এক সহযাত্রীর তুলে রাখা কিছু ছবি ও স্ক্রিনশটের সূত্র ধরেই এই ঘটনার সূত্রপাত।
গত মে মাসে শার্লট থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইটে জিম থর্নটনের পাশের সিটে বসেছিলেন এক নারী যাত্রী। ওই নারীর দাবি, তিনি জিমের ল্যাপটপে এমন কিছু মেসেজ ও ছবি দেখতে পান, যা পেডোফাইল বা শিশু নির্যাতনকারীদের কোনো চ্যাটরুমের মতো মনে হচ্ছিল। তিনি সঙ্গে সঙ্গে বিমানের কর্মীদের বিষয়টি জানান। বিমানটি অবতরণের পর লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে পুলিশ জিমকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো অপরাধের স্পষ্ট প্রমাণ না পাওয়ায় সে সময় তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে অভিযোগের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন জিম থর্নটনের আইনজীবী অ্যালিসন হার্ট। তিনি জানান, দুই বছর আগে আত্মহত্যায় পরিবারের এক সদস্যকে হারানোর পর থেকে জিম মানসিকভাবে ভেঙে পড়া মানুষের সহায়তায় কাজ করছেন। বিভিন্ন চ্যাটরুমে গিয়ে তিনি আত্মহত্যার ঝুঁকিতে থাকা মানুষকে নানাভাবে পরামর্শ দিতেন।
আইনজীবীর দাবি, তেমনই একটি চ্যাট গ্রুপের এক সদস্য জিমকে একটি চ্যাটরুমের লিংক পাঠায়। জিম সেখানে ঢোকার পর যখনই বুঝতে পারেন যে এটি শিশুদের প্রতি বিকৃত আকর্ষণ থাকা ব্যক্তিদের একটি দল, সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান তিনি। সেখানে কোনো অবৈধ বা শিশু পর্নোগ্রাফি জাতীয় কিছু ছিল না এবং জিম কখনোই এ ধরনের কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। পুলিশও তদন্তে কোনো অপরাধের প্রমাণ পায়নি।
আইনি ব্যবস্থা থেকে রেহাই পেলেও এমন সংবেদনশীল বিতর্কের পর দীর্ঘদিনের এই উপস্থাপককে আর শোতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে সনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে টানা প্রচারিত হওয়া হুইল অব ফরচুন আমেরিকার পপ কালচার ও টিভি ইতিহাসের অন্যতম সফল শব্দ-ধাঁধার গেম শো। সিবিএস, এবিসি ও এনবিসির মতো চ্যানেলগুলোর পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু ও প্যারামাউন্ট প্লাসে সম্প্রচারিত হয় এটি। ২০১১ সাল থেকে এই শোর মূল ঘোষক বা অ্যানাউন্সার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জিম থর্নটন।
খবরটি শেয়ার করুন