রবীন্দ্রসরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: বাসস
এবার ডেঙ্গুতে আক্রান্ত গুরুতর রোগীদের মধ্যে রক্তক্ষরণজনিত জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘চিকিৎসকেরা আশঙ্কা করছেন, এবার ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে।’ খবর বাসসের।
আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকেরা আশঙ্কা করছেন, এবার ডেঙ্গুর গুরুতর ধরন দেখা দিতে পারে, যেখানে কিছু রোগীর রক্তক্ষরণসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তাই শুরু থেকেই সবাইকে সতর্ক থাকতে হবে।’
ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘যে প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গুবাহী মশার লার্ভা পাওয়া যাবে, সেখানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা করা হবে।’
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। জরিপে দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’
আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণ ও সিটি করপোরেশন—উভয় পক্ষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ যথাযথভাবে পালন করা গেলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।’
খবরটি শেয়ার করুন