ছবি: সংগৃহীত
আর মাত্র চার দিনের পর ২৮ মে পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ উপভোগে নাড়ির টানে বাড়ি ফেরার পালা শুরু হয়ে গেছে। আজ শনিবার থেকে ট্রেনে ঘরমুখী মানুষের আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়েছে। যারা ১৩ মে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তারা আজ নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। যদিও এখনো সরকারি ছুটি শুরু হয়নি, তবুও আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেক মানুষ। তবে টিকিট ছাড়া স্টেশনে প্রবেশে কড়াকড়ি করা হয়েছে।
শনিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনে প্রবেশে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্টেশনের প্রবেশমুখে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বুথ বসানো হয়েছে। এ ছাড়া মূল ফটকে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। ওই বেষ্টনীর ভেতর দিয়েই যাত্রীদের প্রবেশ করানো হচ্ছে।
স্টেশনে ঢোকার আগে প্রথম ধাপে যাত্রীদের টিকিট পরীক্ষা করছেন টিটিরা। এরপর প্ল্যাটফর্মে প্রবেশের আগে দ্বিতীয় দফায় আবারও টিকিট চেক করা হচ্ছে। যাদের টিকিট নেই, তাদের তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. কবীর উদ্দীন বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ট্রেনের ছাদেও কাউকে উঠতে দেওয়া হবে না। সকাল থেকে যেসব ট্রেন কিছুটা দেরিতে ছেড়েছে, সেগুলো অপারেশনাল কারণে হয়েছে। এগুলোকে দেরি বলা যাবে না। তবে বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে গেছে।’
খবরটি শেয়ার করুন