ছবি: সংগৃহীত
বলিউড ও সংগীত জগতে ‘সুপারিশ সংস্কৃতি’ নিয়ে আবারও তীব্র বিতর্ক। এ আর রহমানের মন্তব্য ও অরিজিৎ সিংয়ের অবসর ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার বিস্ফোরক অবস্থান নিলেন গায়ক-সুরকার বিশাল দাদলানি।
স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কাজ পাওয়ার জন্য রাজনৈতিক প্রভাব খাটানোর কোনো জায়গা তার স্টুডিওতে নেই।
গত সোমবার (৯ই ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিশাল দাদলানি নতুন শিল্পীদের উদ্দেশে কড়া বার্তা দেন।
তিনি লেখেন, ‘কোনো মন্ত্রী বা তাদের সহযোগীকে দিয়ে ভুলেও আমাকে ফোন করিও না। এমনটা করলে শুধু কাজের সুযোগই নয়, আমার সঙ্গে দেখা করার পথও চিরতরে বন্ধ হয়ে যাবে।’
তার ভাষায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ আদায়ের চেষ্টা যারা করেন, তাদের প্রতি তার কোনও সম্মান নেই।
বিশালের দাবি, সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। এক নবীন গায়ক নাকি একজন প্রভাবশালী মন্ত্রীকে দিয়ে তার কাছে কাজের সুপারিশ করিয়েছিলেন। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন গায়ক-সুরকার। শুধু সেই শিল্পীকেই নয়, সংশ্লিষ্ট মন্ত্রীকেও ব্লক করে দিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে বিশাল লেখেন, “ও দুর্দান্ত গায়ক হলেও এখন আর তাকে নিয়ে আমার কোনও আগ্রহ নেই।প্রভাব খাটিয়ে কাজ চাইলে প্রতিভার মূল্য থাকে না।”
বিশাল দাদলানির এই পোস্ট নতুন করে সামনে এনে দিল সংগীত জগতে প্রভাব ও ক্ষমতার ভূমিকা নিয়ে পুরোনো প্রশ্ন। তার মন্তব্যে যেন আবারও স্পষ্ট হলো—শুধু প্রতিভা নয়, সুযোগ পাওয়ার পথেও অনেক সময় কাজ করে অদৃশ্য চাপ ও সুপারিশ।
তবে সমালোচনার পাশাপাশি উঠতি শিল্পীদের জন্য পরামর্শ দিতেও ভোলেননি তিনি। বিশাল বলেন, ‘নিজের প্রতিভার ওপর বিশ্বাস রাখুন। কঠোর পরিশ্রম করুন, ধৈর্য ধরুন। আপনি যদি সত্যিই ভালো গায়ক হন, আপনার সময় আসবেই। কিন্তু দয়া করে কাউকে দিয়ে সুপারিশ করাবেন না। এটা বিরক্তিকর এবং একঘেয়ে। যারা প্রভাব খাটিয়ে এগোতে চায়, তাদের আসলে নিজের গুণের ওপর আস্থা নেই।’
জে.এস/
খবরটি শেয়ার করুন