সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ভাঙচুর। ছবি: সংগৃহীত
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রোপার্টিজে এ ঘটনা ঘটে।
সালমান মুক্তাদির অভিযোগ করেছেন, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ভেরিফায়েড ফেসবুক পেজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন সালমান মুক্তাদির। তিনি সেখানে বলেন, ‘এই ভিডিওটা শুধু বানানো স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য, প্লিজ আপনি কোনো টেনশন নিবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’
মুক্তাদির বলেন, ‘এই রকম কোনো স্টুডিও বাংলাদেশে ছিল না। এটা ভাঙার পরও আমি কেন ভেঙে পড়ছি না, কারণ বাংলাদেশে যারা নতুন কিছু করতে চান, তাদের জন্য নতুন কিছু শেখাতে চাই। আপনি যদি কারও তোষামোদি না করেন, আপনার যদি কোনো ব্যাকআপ না থাকে, আপনি যদি কোনো পলিটিকস না করেন, সিকিউরিটি টাকা পয়সা দিয়ে কিনতে না পারেন, তাদের সঙ্গে বাংলাদেশে এমনটাই ঘটবে। সে জন্য আমরা বলি পায়ের নিচে মাটি শক্ত না থাকলে আমাদের কিছু করা উচিত না।’
মুক্তাদির বলেন, ‘আমি এভাবে কথা বলছি কারণ আমি স্ট্রং, কিন্তু অনেকে এটা নিতে পারবে না, কারণ বেশির ভাগ মানুষ স্ট্রং না।’
সালমান মুক্তাদির বলেন, ‘গত ১২ বছরে আমি একটা ছোট্ট রুম থেকে এ পর্যায়ে এসেছি। তোমরা যদি বাংলাদেশে কোনো স্বপ্ন দেখো, তাহলে তোমাদের ক্ষেত্রেও এটাই (ভাঙচুরের চিত্র দেখিয়ে) হবে।’
মুক্তাদির বলেন, ‘আমার যে স্বপ্ন ছিল, তা আমি পূরণ করছি। বিএনপির যারা এটা করেছ, তোমরা এর থেকে বড় আর হতে পারবা না। এটাই তোমাদের নেচার।’
সহকর্মীদের উদ্দেশে মুক্তাদির বলেন, ‘এই অফিসের খেটে খাওয়া মানুষগুলো কান্না করছে।’ তাদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, ‘আমি এর থেকে বড় কিছু করব। তোমরা চিন্তা করো না।’
এ সময় কয়েকজনকে কান্না করতে দেখা যায়। তাদের সান্ত্বনা দেন মুক্তাদির। এ সময় পাশে তার স্ত্রীকেও দেখা যায়।
খবরটি শেয়ার করুন