ছবি: এনডিটিভি
১৩ই ফেব্রুয়ারি বেলা ১টা ১১ মিনিটে ভারতের সংসদ ভবনে বিস্ফোরণ ঘটানো হবে। এমন বার্তা পাঠানো হয়েছে একটি ই-মেইলে। এ ছাড়াও দিল্লির ৯টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আজ সোমবার (৯ই ফেব্রুয়ারি) এনডিটিভির এক খবরে এই তথ্য জানা যায়।
দিল্লি ফায়ার সার্ভিস (ডিএসএস) জানিয়েছে, সকাল ৮টা ৩৩ মিনিটে প্রথম কলটি আসে, যার পরপরই দমকল বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল স্কুলগুলোতে ছুটে যায়।
যেসব স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—দিল্লি ক্যান্টনমেন্টের লোরেটো কনভেন্ট স্কুল; দক্ষিণ দিল্লির শ্রীনিবাসপুরীর ক্যামব্রিজ স্কুল ও নিউ ফ্রেন্ডস কলোনির ক্যামব্রিজ স্কুল, রোহিণীর ভেঙ্কটেশ্বর স্কুল, সিএম স্কুল ও বাল ভারতী স্কুল, সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল ও আইএনএর ডিটিএ স্কুল।
আরও বেশ কিছু স্কুল থেকে একই ধরনের হুমকির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুলগুলো থেকে শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। বর্তমানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ দল এবং ডগ স্কোয়াড প্রতিটি স্কুল প্রাঙ্গণে চিরুনি তল্লাশি চালাচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রেরিত ই-মেইলে অত্যন্ত উসকানিমূলক এবং আপত্তিকর বার্তা দেওয়া হয়। সেখানে দাবি করা হয়েছে, ‘দিল্লি হবে খালিস্তান। পাঞ্জাবই খালিস্তান। আফজাল গুরুর স্মরণে।’
ই-মেইলে আরও হুমকি দেওয়া হয়, ১৩ই ফেব্রুয়ারি বেলা ১টা ১১ মিনিটে ভারতের সংসদ ভবনে বিস্ফোরণ ঘটানো হবে। এই ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
খবরটি শেয়ার করুন