রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত! *** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত

প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে!

শায়লা শবনম

🕒 প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে। সে আমাকে ছাড়া একদিনও বাঁচতে পারবে না। তাকে সারা রাত নিয়মিত ওষুধ খাওয়াতে হয়। মা-বাবা ছাড়া তার দেখাশোনা করার মতো আর কেউ নেই’—গত ৩ অক্টোবর গ্রেপ্তারের পর আদালত প্রাঙ্গণে একজন মায়ের এমন আকুতি ছিল। তার কণ্ঠে ছিল নিজের মুক্তির চেয়েও অসুস্থ সন্তানের চিকিৎসা, পরিচর্যা ও বেঁচে থাকার দুশ্চিন্তা। অথচ মায়ের সেই আর্তনাদ কোনো গুরুত্ব পায়নি আদালত এবং রাষ্ট্রের কাছে, কেউ শুনল না তার হাহাকার!

মায়ের শোকে কাঁদতে কাঁদতে আরও অসুস্থ হয়ে পড়ে বিশেষ চাহিদাসম্পন্ন ওই শিশু। অবশেষে কারাবাসী মাকে শেষবারের মতো দেখার আকুতি নিয়ে ৫৬ দিন পর মারা যায় সে। মৃত সন্তানকে শেষবারের মতো দেখতেও প্যারোল পেলেন না মা! অবশেষে নিথর দেহে কারাগারের ফটকে হাজির হয় শিশুটি... অবতারণা হয় আরও একটি নির্মম দৃশ্যের।

উপরের ঘটনাটি কোনো গল্প নয়, মাত্র ১৪ বছর বয়সের বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্য। তার মা শারমিন সুলতানা শর্মী কারাবন্দি। গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মারা যায় তূর্য। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তূর্যের মরদেহ নিয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে যান তার স্বজনরা। সেখানেই শেষবারের মতো সন্তানের মুখ দেখার সুযোগ পান বন্দি মা। জীবিত অবস্থায় যে সন্তান মায়ের সান্নিধ্য চেয়েছিল, আকুতি করে মায়ের মুক্তি চেয়েছিল। অথচ মায়ের সঙ্গে সেই পুত্রের মাত্র দুই মিনিটের সাক্ষাৎ মিলল মৃত্যুর পর!

রাষ্ট্রের কাছে প্রশ্ন—একটি অসুস্থ শিশুর শেষ আকুতিও কি এতটাই মূল্যহীন ছিল যে, তার মায়ের সঙ্গে শেষ দেখা হওয়ার জন্য মৃত্যুর অপেক্ষা করতে হলো?

এ ঘটনার ৩০৯ দিন আগে ঠিক এমনই আরেক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছিল যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে, চলতি বছরের ২৪ জানুয়ারি। সেদিন প্যারোলে মুক্তি না পেয়ে মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রকে প্রথমবার দেখে শেষবারের মতো বিদায় দিয়েছিলেন এক হতভাগ্য বাবা ও স্বামী। সেই কারাবন্দি হলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। প্যারোল মুক্তি মেলে না তারও। অবশেষে অ্যাম্বুলেন্সে করে কারাফটকে নিয়ে যাওয়া স্ত্রী-সন্তানের মরদেহ মাত্র ৫ মিনিটের জন্য দেখতে পান সাদ্দাম!

এবার তূর্যের মৃত্যু, জেলগেটে মৃত সন্তানকে নিয়ে তার মায়ের যে আহাজারি—এ দৃশ্য কেবল একটি পরিবারের ব্যক্তিগত শোকের ঘটনা নয়। এটি আমাদের রাষ্ট্র, প্রশাসন, বিচারব্যবস্থা এবং মানবিকতার ধারণাকে সমাজের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে—একজন মানুষ অপরাধের অভিযোগে কারাবন্দি হলে তার মাতৃত্ব কি কারাগারের দরজায় এসে থেমে যাবে? তার সন্তান কি চিকিৎসা, পরিচর্যা ও মায়ের সান্নিধ্য পাওয়ার অধিকার হারাবে? রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কি মানবিক বিবেচনার সব দরজা বন্ধ করে দেওয়ার অনুমতি দেয়?

শারমিন সুলতানা শর্মী যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগ এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার হবে প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে। তিনি নির্দোষ না অপরাধী, সেটি নির্ধারণের দায়িত্ব আদালতের। রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত বক্তব্যের ভিত্তিতে কারও বিচার করা যায় না। কিন্তু বিচারাধীন একজন মানুষেরও মৌলিক মানবিক অধিকার রয়েছে। আর তার সন্তান তো কোনো মামলার আসামি নয়।

গ্রেপ্তারের সময় শর্মী বারবার তার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের কথা বলেছিলেন। জানিয়েছিলেন, তূর্যকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয়, চিকিৎসা করাতে হয়। নিজের হাতে খাওয়া-দাওয়াসহ দৈনন্দিন কাজেও তার অন্যের সহযোগিতা প্রয়োজন। পরিবারের ভাষ্য অনুযায়ী, তার একাধিক অস্ত্রোপচারও হয়েছে। এমনকি মস্তিষ্কের আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। মায়ের অনুপস্থিতিতে তার চিকিৎসা, ওষুধ কেনা, পড়াশোনা ও সার্বক্ষণিক পরিচর্যা কীভাবে চলবে, সেই উদ্বেগও প্রকাশ করেছিল পরিবার।

তূর্যও মায়ের মুক্তি চেয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার মা পুরোপুরি নিরপরাধ। দেশে যদি ন্যায়বিচার ও আইনের শাসন বলে ন্যূনতম কিছু থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।’

একটি অসুস্থ কিশোরের এই আকুতির মধ্যে ছিল মায়ের কাছে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। সে জানত না রাষ্ট্রের আইন, কারাবিধি কিংবা নিরাপত্তার জটিল হিসাব। সে শুধু জানত, তার মা পাশে থাকলে সে ভালো থাকবে। তার ওষুধ, চিকিৎসা, খাওয়াদাওয়া ও দৈনন্দিন জীবনের ভরসা সেই মা।

শর্মীর পরিবারের সদস্যরা জানিয়েছে, অসুস্থ অবস্থায় তূর্য মায়ের জন্য কান্নাকাটি করত। মৃত্যুর আগে অন্তত একবার মায়ের কাছে যাওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু সেই দেখা আর জীবিত অবস্থায় হলো না। শুক্রবার রাতে তার মৃত্যুর পর স্বজনরা মাকে শেষবারের মতো সন্তানকে দেখানোর উদ্যোগ নেন। প্যারোলে মুক্তির বিষয়ে অনুমতি না মেলায় শেষ পর্যন্ত সন্তানের মরদেহই নিয়ে যেতে হয় কারাগারের ফটকে।

এদিকে কারা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় বন্দি মাকে সন্তানের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। নিরাপত্তা ও কারাবিধি মেনে তাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, একজন মা কি শুধু সন্তানের মৃতদেহ দেখার জন্যই মানবিক বিবেচনা পাওয়ার যোগ্য? জীবিত সন্তানের চিকিৎসা, পরিচর্যা ও শেষবার দেখা করার আকুতির সময় মানবিক বিবেচনার সুযোগ কোথায় ছিল?

এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। কারাবন্দির প্যারোল কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়। বন্দির অবস্থা, অপরাধের ধরন, নিরাপত্তাঝুঁকি ও প্রচলিত বিধিবিধান বিবেচনা করেই কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হয়। রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টিও অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু নিরাপত্তার যুক্তি দেখিয়ে মানবিক বিবেচনার প্রয়োজনীয়তাকে একেবারে অগ্রাহ্য করা যায় কি না, সেটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ পরিস্থিতিতে কী কী বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল, তা খতিয়ে দেখা দরকার।

প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব না হলে নিরাপত্তা নিশ্চিত করে কারাগারের বাইরে সীমিত সময়ের জন্য যাওয়ার ব্যবস্থা, বিশেষ চিকিৎসা বা পরিচর্যার প্রয়োজন বিবেচনায় নেওয়া কিংবা অন্তত সন্তানের সঙ্গে সাক্ষাতের কোনো বিকল্প উদ্যোগ নেওয়া যেত কি না, সেই প্রশ্নেরও উত্তর প্রয়োজন। সব ক্ষেত্রে একই সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে পরিস্থিতির মানবিক দিক বিবেচনা করা প্রশাসনের দায়িত্বের অংশ হওয়া উচিত।

তূর্যের মৃত্যুর কারণ চিকিৎসাগতভাবে কী ছিল, তা তদন্ত ও চিকিৎসাসংক্রান্ত তথ্য ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। মায়ের কারাবাসই তার মৃত্যুর কারণ— এমন সিদ্ধান্তেও পৌঁছানো ঠিক হবে না। তবে মায়ের অনুপস্থিতিতে তার চিকিৎসা ও পরিচর্যা নিয়ে যে উদ্বেগ ছিল, পরিবার যে অসহায়ত্বের কথা জানিয়েছিল এবং সন্তানটি যে মায়ের সান্নিধ্য চেয়েছিল, সেসব বিষয় অস্বীকার করার সুযোগ নেই। এই জায়গাতেই রাষ্ট্রের দায়িত্বশীলতার প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

আরেকটি বিষয় আমাদের বিবেককে নাড়া দেওয়া উচিত। শারমিন সুলতানার রাজনৈতিক পরিচয় নিয়ে কারও ভিন্নমত থাকতে পারে। তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন থাকতে পারে। তার বিরুদ্ধে মামলা থাকলে তার বিচারও চলবে। কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে একজন অসুস্থ শিশুর চিকিৎসা, পরিচর্যা কিংবা মায়ের সান্নিধ্যের প্রয়োজনীয়তা কি কমে যায়? মানবাধিকার কি কেবল নিজের পছন্দের রাজনৈতিক পরিচয়ের মানুষের জন্য? যে মানুষের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমার মিল নেই, তার মানবিক অধিকারও কি আমার কাছে মূল্যহীন হয়ে যাবে?

মানবাধিকার কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার। আজ যে পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়োজন, কাল একই পরিস্থিতিতে অন্য কোনো রাজনৈতিক মতের মানুষের পরিবারও পড়তে পারে। তাই মানবিকতার প্রশ্নে দল, মত, পরিচয় কিংবা অতীত রাজনৈতিক অবস্থান দিয়ে মানুষকে ভাগ করার সুযোগ নেই।

আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে অপরাধের বিচার হবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, নিরাপত্তা নিশ্চিত হবে; একই সঙ্গে অসুস্থ শিশু, অসহায় মা কিংবা বিপন্ন পরিবারের আর্তনাদও গুরুত্ব পাবে। আইনের শাসন মানে শুধু অপরাধীকে শাস্তি দেওয়া নয়, আইনের আওতায় থাকা প্রত্যেক মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করাও।

কিশোর তূর্য আর ফিরে আসবে না। তার মায়ের কাছে ফিরে পাওয়ার আকুতিও আর কোনো দিন পূরণ হবে না। কারাগারের ফটকে সন্তানের নিথর মুখ দেখে একজন মা কী অনুভব করেছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু এই ঘটনা আমাদের সামনে যে প্রশ্ন রেখে গেল, তার উত্তর রাষ্ট্রকে দিতেই হবে। কারণ একজন মা অপরাধের অভিযোগে কারাবন্দি হতে পারেন, কিন্তু তার সন্তান তো অপরাধী নয়। একটি শিশুর চিকিৎসা, নিরাপত্তা, পরিচর্যা ও বেঁচে থাকার অধিকার রাষ্ট্রের কাছে কোনো রাজনৈতিক অনুগ্রহ নয়। সেটি তার মানবিক অধিকার।

তূর্যের শেষ ইচ্ছা ছিল মায়ের কাছে যাওয়া। রাষ্ট্র সেই দেখা জীবিত অবস্থায় নিশ্চিত করতে পারেনি। শেষ পর্যন্ত মৃত সন্তানকে মায়ের কাছে যেতে হয়েছে। এই দৃশ্যকে কেবল একটি পরিবারের দুর্ভাগ্য বলে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। এটি আমাদের মানবিক রাষ্ট্রব্যবস্থা ও ন্যায়বিচারের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে।

লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক।

নিসর্গ হোসেন তূর্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250