ছবি: ভিডিও থেকে নেওয়া
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও টায়ারে আগুন দেওয়া হয়। সংঘর্ষ ও অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ট্রেনিং সেন্টার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌদ্দগ্রাম বাজারের দিকে যাওয়ার সময় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় মহাসড়কে অবরোধ করে তারা। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। রাত পৌনে ১২টা পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
অবরোধের সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন চালকেরা। তাদের দাবি, অবরোধকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি কিছু গাড়ির চাবিও নিয়ে যান।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপনে মিছিল বের করে মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধাওয়া করেন। পরে তারা পালিয়ে যান।
উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে জামায়াতের নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তিনি ফোন কেটে দেন।
খবরটি শেয়ার করুন