শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত! *** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

শেখ হাসিনার দেশে ফেরা, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা—তিনটি বিষয়কে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ১০ মাস পার হলেও ভারতের সঙ্গে সম্পর্কের দৃশ্যমান উন্নতি হয়নি। বরং দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ছে। তারেক রহমানের ভারত সফরও এখনো অনিশ্চিত। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নে ভারতের অবস্থান দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান নির্ধারক হয়ে উঠেছে।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারতের পক্ষ থেকে দুটি সম্ভাব্য শর্তের কথা প্রকাশ করা হয়েছে। প্রথমত, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটি উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, তাই তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীকেই উড়োজাহাজ পাঠাতে হবে অথবা স্থলসীমান্তে গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের হত্যাকাণ্ডের অভিযোগে তার বিচারপ্রক্রিয়া নতুন করে শুরুর নিশ্চয়তাও দিতে হবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই দুটি শর্ত ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে দিয়েছে—এমন কোনো সরকারি ঘোষণা নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রকাশ্যে এসব শর্তের সত্যতা নিশ্চিত করেনি। ফলে বিষয়টি এখনো কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত সম্ভাব্য অবস্থান হিসেবেই বিবেচ্য বলে কারো কারো অভিমত।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এবং দেশটির বর্তমান ও সাবেক কূটনীতিকদের মূল্যায়ন অনুযায়ী, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে এই দুটি বিষয়ই নয়াদিল্লির বিবেচনার কেন্দ্রে রয়েছে। তাদের মতে, ভারত শুধু শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি দেখছে না। তার দেশে ফেরার পর বিচারপ্রক্রিয়া, রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, সেটিও ভারতের কাছে গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে তারেক রহমান সরকার ভারতের প্রত্যাশার কাছে নতি স্বীকার না করলে বাংলাদেশকে এশিয়ায় কূটনৈতিক ও রাজনৈতিকভাবে একঘরে করার সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়ছে। বিষয়টি বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বেশি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহলেও এ নিয়ে কম-বেশি নানা আলোচনা ও বিশ্লেষণ চলছে। ভারতের আঞ্চলিক প্রভাব, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং বাংলাদেশের নতুন সরকারের কূটনৈতিক অবস্থান—সব মিলিয়ে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। তবে বাংলাদেশকে একঘরে করার বিষয়ে ভারত সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা অবস্থানের কথা এখনো প্রকাশ্যে আসেনি।

ঢাকায় ভারতীয় হাইকমিশন-সংশ্লিষ্ট সূত্র এবং বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতীয় সাবেক হাইকমিশনারদের মধ্যে অন্তত দুজন সুখবর ডটকমকে বলেছেন, এই মুহূর্তে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক মোটামুটি ভালো। ব্যতিক্রম বাংলাদেশ। তাদের আশঙ্কা, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হতে পারে।

ভারতের কূটনৈতিক মহলের একটি অংশ মনে করছে, শেখ হাসিনার প্রশ্নে নয়াদিল্লির অবস্থান বিবেচনায় না নিয়ে ঢাকা সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশের কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য, ভারত শুরু থেকেই তারেক রহমান সরকারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ার আগ্রহ দেখালেও শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রশ্নে তাদের অনড় অবস্থানের কারণে সেই উদ্যোগ এগোয়নি। এই দুই বিপরীত অবস্থানের মধ্যেই আটকে আছে দুই দেশের সম্পর্ক।

ভারতের এই অবস্থানকে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত আইনি জটিলতা হিসেবে দেখছে না নয়াদিল্লির কূটনৈতিক মহল। তাদের বিবেচনায়, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে স্থায়ীভাবে বাইরে রাখার উদ্যোগও দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখছে। ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক বিবেচনা হলো, শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের অবসান ঘটলেও আওয়ামী লীগের সঙ্গে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে চায় না নয়াদিল্লি।

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক শিক্ষক অবিনাশ পারিওয়াল এ প্রসঙ্গে বলছেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা কূটনৈতিকভাবে দিল্লির ওপর থেকে চাপ সরিয়ে ঢাকার ওপর সিদ্ধান্ত নেওয়ার দায় বাড়িয়েছে। গত প্রায় ১০ মাসে তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত যথেষ্ট চেষ্টা করেছে বলে নয়াদিল্লির ধারণা। বাংলাদেশের হাইকমিশনার হিসেবে মন্ত্রী সমমর্যাদার একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ এবং নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে নতুন আলোচনার প্রস্তাব ছিল সেই উদ্যোগের অংশ।

পারিওয়ালের মূল্যায়ন, ভারতের এই উদ্যোগ সফল না হওয়ায় বাংলাদেশের প্রতি দিল্লি হতাশ হয়েছে। দুই দেশের সম্পর্ক যা-ই হোক, তা উত্তেজনাপূর্ণ থাকার আশঙ্কা থেকে ভারত এখন শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য নিয়ন্ত্রণে আগের মতো আগ্রহী নাও হতে পারে। তার মতে, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে স্থায়ীভাবে বাদ দেওয়াও ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থের অনুকূল নয়। দলটির এখনো দেশের বিভিন্ন এলাকায় সমর্থন রয়েছে। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর সঙ্গেও দলটি জড়িয়ে আছে। তাই আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করা এবং সমঝোতার পথ তৈরি করা ভারত ও বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন তিনি।

পারিওয়ালের বক্তব্যের তাৎপর্য হলো, নয়াদিল্লি শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিষয় হিসেবে দেখছে না। এর সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎও জড়িয়ে আছে। ভারতের কাছে আওয়ামী লীগ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি। দলটিকে পুরোপুরি রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা কতটা সম্ভব, সে প্রশ্নও দিল্লির নীতিনির্ধারকদের বিবেচনায় রয়েছে।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের সম্ভাব্য শর্ত এবং তারেক রহমান সরকারের অবস্থানের মধ্যে দূরত্ব থাকায় দুই দেশের সম্পর্কের অচলাবস্থা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় কূটনৈতিক সূত্রগুলোর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশের অবস্থান নমনীয় না হলে সম্পর্কের অন্য ক্ষেত্রেও তার প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও বিচারপ্রক্রিয়া নিয়ে ভারতের অবস্থানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন তৈরির চেষ্টা চলছে বলেও কূটনৈতিক সূত্রের দাবি।

তবে এসব দেশের সঙ্গে ভারত এ বিষয়ে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ নিয়েছে কিংবা তারেক রহমান সরকারকে নির্দিষ্ট শর্তে রাজি করাতে তাদের মাধ্যমে চাপ প্রয়োগ করছে—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি।

ভারতের কাছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের আরেকটি কারণ হলো, সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর একাংশের বক্তব্যে ভারতবিরোধিতা ক্রমেই প্রকাশ্য হচ্ছে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকারের দায়িত্ব নেওয়ার পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা কাজে লাগানো যায়নি বলে মনে করছে দিল্লি। এর সঙ্গে যুক্ত হয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভারতবিরোধী বক্তব্য ও তৎপরতা। এসব রাজনৈতিক শক্তির বক্তব্যের বিরুদ্ধে সরকার কার্যকর অবস্থান নিচ্ছে না বলেও ভারতের কূটনৈতিক মহলে অসন্তোষ রয়েছে।

বিশেষ করে জামায়াত ও এনসিপির নেতাদের ভারতবিরোধী বক্তব্যের পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণ, গঙ্গার পানি বণ্টন এবং ভারতীয় ভূখণ্ডে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ঢাকার কঠোর অবস্থান নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছে। ভারতের বিবেচনায়, এসব বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে ভারতবিরোধী অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। এতে তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে।

২৫ নভেম্বর ভারতের ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জামায়াত-সংশ্লিষ্ট ছাত্রনেতাদের ভারতবিরোধী বক্তব্য নতুন করে সামনে এসেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ভারতের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ভূমিকা রাখার অভিযোগ তুলেছেন। তার বক্তব্যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ড ব্যবহারের অভিযোগ ছিল। গঙ্গার পানি চুক্তি নিয়েও তিনি সরকারের কাছে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন। এসব বক্তব্য দুই দেশের সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি করেছে।

ভারতের সাবেক কূটনীতিকদের দাবি, ভারতের অসন্তোষের আরেকটি কারণ তারেক রহমানের ভারত সফর না হওয়া। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি যোগ দেন। তারা প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্রও তার হাতে তুলে দেন। এরপর দুই দেশের কূটনৈতিক যোগাযোগে ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছিল।

আগস্টে সফরের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা হয়। ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেলেও শেষ পর্যন্ত সফরটি হয়নি। ৫ আগস্ট দিল্লি থেকে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন দুই দেশের সম্পর্কে নতুন অস্বস্তি তৈরি করে। ঢাকার পক্ষ থেকে বলা হয়, ওই সংবাদ সম্মেলনের পর সফরের অনুকূল পরিবেশ নষ্ট হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিমও জানিয়েছিলেন, দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে সফর নিয়ে আলোচনা চলছিল। কিন্তু শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সেই যোগাযোগ বাধাগ্রস্ত হয়।

এরপর সেপ্টেম্বর মাসে নভেম্বরের দ্বিতীয়ার্ধে সফরের সম্ভাবনা নিয়ে আবার আলোচনা শুরু হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস ১৯ সেপ্টেম্বর জানায়, দুই দেশের কর্মকর্তারা নভেম্বরের সম্ভাব্য সময় নিয়ে কথা বলছেন। ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও এ বিষয়ে যোগাযোগ শুরু করেছিলেন। কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহ পার হলেও তারেক রহমানের ভারত সফর হয়নি। এরই মধ্যে ভারতের হাইকমিশনার ২৯ সেপ্টেম্বর বলেছিলেন, সফরের আমন্ত্রণ খোলা রয়েছে। তবে দুই পক্ষের জন্য উপযুক্ত সময় হলেই সফর হবে। তাড়াহুড়োর প্রয়োজন নেই।

তারেক রহমানের ভারত সফর না হওয়াকে দিল্লির কাছে শুধু একটি দ্বিপক্ষীয় সফর স্থগিত থাকার ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। ভারত চেয়েছিল, নতুন সরকারের সঙ্গে দ্রুত রাজনৈতিক যোগাযোগ তৈরি করে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে। বিএনপি ক্ষমতায় আসার পর সেই সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণকে সফরের পরিবেশের সঙ্গে যুক্ত করা এবং দিল্লির অবস্থান নিয়ে ঢাকার প্রকাশ্য অসন্তোষ সেই উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে বলে দেশটির কূটনীতিকদের দাবি।

তাদের মতে, এ বিষয়ে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর নিয়োগও তাৎপর্যপূর্ণ। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার করে পাঠানোর পাশাপাশি তাকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে। ভারতের কূটনৈতিক মহলে এই নিয়োগকে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখা হয়েছিল। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। কিন্তু এসব যোগাযোগের পরও দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অচলাবস্থা কাটেনি।

বাংলাদেশের অভ্যন্তরীণ সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার জন্য ভারতকে দায়ী করার বিষয়টিও সম্পর্কের অবনতিতে নতুন মাত্রা যোগ করেছে। গত ১৯ নভেম্বর লালমনিরহাটে এক অনুষ্ঠানে তারেক রহমান সরাসরি ভারতের নাম না নিয়ে বলেন, সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাদের প্রভুরা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছেন। তার বক্তব্যে সীমান্তের ওপারের দেশ বলতে ভারতকেই বোঝানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে। এর আগে সংসদেও তিনি আওয়ামী লীগের পলাতক নেতাদের আশ্রয় ও সহযোগিতা দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই। একই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তবে ভারতের কূটনৈতিক মহলে তারেক রহমানের বক্তব্যকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে আরেকটি বাধা হিসেবে দেখা হচ্ছে।

ডিপ্লোম্যাটের দক্ষিণ এশিয়াবিষয়ক সম্পাদক সুধা রামচন্দ্রনের মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সরকারের সীমাবদ্ধতা থেকে মানুষের দৃষ্টি সরাতে তারেক রহমান বিদেশি শক্তির দিকে অভিযোগের আঙুল তুলছেন।

রামচন্দ্রন বলছেন, ১৯ নভেম্বর তারেক রহমান আওয়ামী লীগের সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে বলেন, সীমান্তের ওপারের দেশ থেকে তাদের মদদ দেওয়া হচ্ছে। তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক সংকট, ইসলামপন্থী রাজনৈতিক শক্তির উত্থান এবং তৈরি পোশাকশিল্পে অস্থিরতার মতো সমস্যার মধ্যে সরকার চাপে রয়েছে। এ পরিস্থিতিতে বিদেশি শক্তিকে দায়ী করা রাজনৈতিক নেতৃত্বের পুরোনো কৌশল। তারেক রহমানও সেই পথ অনুসরণ করছেন বলে তার মূল্যায়ন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তারেক রহমান সরকারের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো পানি বণ্টন ও বাণিজ্যিক যোগাযোগ। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টনসংক্রান্ত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে কার্যকর আলোচনা ও দরকষাকষির অগ্রগতি এখনো স্পষ্ট নয়। বাংলাদেশের জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানির ন্যায্য হিস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এ বিষয়ে দুই দেশের রাজনৈতিক পর্যায়ে সমঝোতা তৈরির উদ্যোগ দৃশ্যমান নয়।

গঙ্গা ছাড়াও দুই দেশের মধ্যে অভিন্ন ৫৬টি নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের সমস্যা রয়েছে। সীমান্ত হত্যা, বাণিজ্য, জ্বালানি সরবরাহ, যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা প্রয়োজন। কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিরোধের কারণে এসব বিষয়েও অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষক অবিনাশ পারিওয়ালও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অন্যান্য অমীমাংসিত বিষয়ের কথা উল্লেখ করেছেন। তার বক্তব্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সুবিধা দিতে পারে এমন পরিবহন ও পণ্য চলাচলসংক্রান্ত সুবিধা, গঙ্গার পানি চুক্তি এবং দ্বিপক্ষীয় যোগাযোগের বিষয়গুলো এসেছে। ঢাকার একজন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ বলছেন, দুই দেশ এখন পারস্পরিক হতাশার অবস্থায় রয়েছে। শেখ হাসিনা দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় অমীমাংসিত বিষয় হলেও তাকে ঘিরে অচলাবস্থা কাটিয়ে সামনে এগোনোর পথও খুঁজতে হবে।

অভিজ্ঞরা বলছেন, ভারতের পক্ষে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি দীর্ঘস্থায়ী করা সহজ নয়। দুই দেশের মধ্যে প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা, যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সঙ্গে সহযোগিতা গুরুত্বপূর্ণ। একইভাবে বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও ভারতের ভূমিকা রয়েছে।

তবে ভারতের হাতে কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের একাধিক উপায় রয়েছে। রাজনৈতিক পর্যায়ের যোগাযোগ সীমিত করা, উচ্চপর্যায়ের সফর পিছিয়ে দেওয়া, বাণিজ্য ও যোগাযোগসংক্রান্ত নতুন সুবিধা নিয়ে সিদ্ধান্তে ধীরগতি, সীমান্ত ও নিরাপত্তা সহযোগিতায় কঠোর অবস্থান এবং আঞ্চলিক বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়া—এসবের প্রভাব দুই দেশের সম্পর্কে পড়তে পারে। এর কোনোটি এখনই বাংলাদেশকে একঘরে করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। কিন্তু সম্পর্কের বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সাম্প্রতিক সম্পর্কও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম বিদেশ সফর ভারতকেন্দ্রিক হয়েছে। ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গেও ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু ক্ষমতায় এসে ভারতবিরোধী অবস্থান নিলেও পরে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়েছেন। এসব দেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি বাংলাদেশের ক্ষেত্রে দিল্লির কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

ভারতীয় অনেক কূটনীতিকের মতে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নয়াদিল্লি এখন আগের চেয়ে বাস্তববাদী অবস্থান নিয়েছে। কোনো দেশের সরকার ভারতবিরোধী বক্তব্য দিলেই ভারত তাৎক্ষণিকভাবে সম্পর্ক ছিন্ন করছে না। বরং অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ বিবেচনায় যোগাযোগ বজায় রাখছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সরকারের একাংশের ভারতবিরোধী বক্তব্য এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর তৎপরতা।

তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত শুরু থেকেই আগ্রহ দেখিয়েছে—এমন বক্তব্যও দিল্লির কূটনৈতিক মহলে রয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পর ভারত নতুন করে সম্পর্কের সুযোগ তৈরি করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনড় অবস্থান এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দুই দেশের বিরোধ সেই উদ্যোগকে জটিল করেছে।

অন্যদিকে বাংলাদেশের কূটনৈতিক মহলের একটি অংশের বক্তব্য, ভারত সম্পর্ক চেয়েছে ঠিকই, কিন্তু সেই সম্পর্কের কেন্দ্রে রেখেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে। তারেক রহমান সরকার বারবার বোঝানোর চেষ্টা করেছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো এক ব্যক্তির রাজনৈতিক ভাগ্যের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। দুই দেশের সম্পর্ক হওয়া উচিত রাষ্ট্রীয় স্বার্থ, পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতে। কিন্তু শেখ হাসিনার প্রশ্নে ভারতের অনড় অবস্থানের কারণে সেই বার্তা গুরুত্ব পায়নি।

এই অবস্থানের সঙ্গে ভারতের আরেকটি কৌশলগত বিবেচনা যুক্ত হয়েছে। নয়াদিল্লি মনে করে, আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দিলে বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য নষ্ট হতে পারে। অবিনাশ পারিওয়ালের বক্তব্যেও বিষয়টি স্পষ্ট। তিনি মনে করেন, আওয়ামী লীগকে নতুন নেতৃত্বের অধীনে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হলে বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য তৈরি হতে পারে। এতে ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থও সুরক্ষিত হবে। তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগকে পুনর্বাসনের এমন ধারণা ব্যাপকভাবে বিতর্কিত।

সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা এখন ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হয়েছে। ভারতের সম্ভাব্য দুটি শর্ত মেনে নেওয়া তারেক রহমান সরকারের জন্য রাজনৈতিকভাবে কঠিন। বিশেষ করে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং নতুন করে বিচারপ্রক্রিয়া শুরুর নিশ্চয়তা দেওয়া হলে দেশের অভ্যন্তরে সরকারের বিরুদ্ধে সমালোচনা তৈরি হতে পারে। অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হলে বাণিজ্য, জ্বালানি, পানি বণ্টন ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতের কূটনৈতিক মহলের একটি অংশ মনে করছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে কোনো সমঝোতা না হলে তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে দিল্লি আর আগের মতো তৎপর থাকবে না। বরং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে রাজনৈতিক দূরত্ব বাড়ানোর নীতি নিতে পারে নরেন্দ্র মোদি সরকার। এর ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রেও বাংলাদেশ একা হয়ে পড়তে পারে।

তবে এই পরিস্থিতিকে ভারতের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে একঘরে করার সিদ্ধান্ত বলা যাচ্ছে না। এখন পর্যন্ত নয়াদিল্লি প্রকাশ্যে ঢাকার সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার কথাই বলছে। কিন্তু কূটনৈতিক উদ্যোগ, সফর, বাণিজ্যিক সুবিধা এবং রাজনৈতিক যোগাযোগের বাস্তব চিত্রে দুই দেশের দূরত্ব স্পষ্ট।

তারেক রহমান সরকারের সামনে তাই দুটি বড় প্রশ্ন। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে ভারতের সঙ্গে বিরোধ কত দূর পর্যন্ত নেওয়া হবে? আর সেই বিরোধের কারণে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সম্পর্কের অবনতি কতটা মেনে নেওয়া হবে? ‘সবার আগে বাংলাদেশ’ নীতির কথা বলে ক্ষমতায় আসা সরকারের জন্য এই প্রশ্নগুলোর উত্তর এখন কেবল রাজনৈতিক অবস্থানের বিষয় নয়। এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও আঞ্চলিক অবস্থানের সঙ্গেও সরাসরি যুক্ত।

ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ শেষ পর্যন্ত নির্ভর করবে দুই দেশের সরকার শেখ হাসিনার প্রশ্নটিকে কতটা কূটনৈতিকভাবে সামাল দিতে পারে তার ওপর। নয়াদিল্লি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের স্বার্থ রক্ষা করতে চাইবে। আর ঢাকা চাইবে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও বিচারপ্রক্রিয়ায় নিজেদের অবস্থান অক্ষুণ্ন রাখতে। এই দুই অবস্থানের মধ্যে সমঝোতা না হলে তারেক রহমান সরকারের আমলে বাংলাদেশ-ভারত সম্পর্কের অচলাবস্থা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কাই বেশি। এশিয়ায় বাংলাদেশের কূটনৈতিক অবস্থানও তখন নতুন চাপের মুখে পড়তে পারে।

নরেন্দ্র মোদি তারেক রহমান বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250