ছবি: ভিডিও থেকে নেওয়া
নেত্রকোনা, মাদারীপুর ও পটুয়াখালীতে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীদের ১৩টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টা থেকে আজ রোববার দুপুর ১২টার পর্যন্ত এসব ঘটনা ঘটে।
নেত্রকোনার পূর্বধলায় চার ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কমপক্ষে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত বিশকাকুনি ও আগিয়া ইউনিয়নের ছয়টি গ্রামে এসব ঘটনায় ১১টি আধা পাকা ও দুটি পাকা ঘর পুড়ে গেছে। অগ্নিসংযোগের ঘটনায় একজন দগ্ধ হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গতকাল রাত আটটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেলে করে বিশকাকুনি ইউনিয়নের পুটিকা বাজারে যান। সেখানে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাধা দেন। এ সময় পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রাত ১০টার পর থেকে ২টা পর্যন্ত বিশকাকুনি ইউনিয়নের বড়রুহি, ধলা যাত্রাবাড়ী ও বাদে পুটিকা এবং আগিয়া ইউনিয়নের বাট্টা, আগিয়া ও বেড়াইল গ্রামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে রয়েছে বিশকাকুনি ইউনিয়নের বড়রুহি গ্রামের বাসিন্দা যুবলীগের উপজেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম, ধলা যাত্রাবাড়ী গ্রামের নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, তার ভাতিজা নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বাদে পুটিকা গ্রামের আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আবুল বাশার খান ও উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে শুভর বাড়ি।
এ ছাড়া আগিয়া ইউনিয়নের বাট্টা গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খান, আগিয়া গ্রামের ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়জুর রহমান ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। বেড়াইল গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের বাড়িতেও হামলা ও আগুন দেওয়া হয়।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সহায়তা চাইলেও বিক্ষুব্ধ লোকজন বাধা দেন বলে অভিযোগ রয়েছে।
সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়ির পাশের ঘরে থাকা কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ওরফে শাকু আগুনের সময় গোসলখানায় দরজা বন্ধ করে আত্মরক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে তার শরীরে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
পূর্বধলা উপজেলা বিএনপির সভাপতি মো. আবু তাহের তালুকদার আজ দুপুরে সুখবর ডটকমকে মুঠোফোনে বলেন, যুবদল নেতা আবু বকর রানা পুটিকা বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে বসা ছিলেন। এ সময় নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তিনি এখন রানাকে নিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে রয়েছেন।
আবু তাহের তালুকদার বলেন, এ ঘটনার জেরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। খবর পাওয়ার পরপরই দলীয় নেতা-কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন। এরপর তারা থেমে যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমে বলেন, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার ঘটনায় বিক্ষুব্ধ লোকজন পাঁচ-ছয়টি বাড়িতে আগুন দেন। এ ছাড়া বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, যুবদল নেতার ওপর হামলার ঘটনায় বিশকাকুনির বাসিন্দা বিল্লাল হোসেন নামের এক যুবলীগ কর্মীকে গভীর রাতে ময়মনসিংহের চরপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
খবরটি শেয়ার করুন