ফাইল ছবি
চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ শনিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হবেন। সকাল সাড়ে ১১টায় তিনি কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন।
এরপর প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। দুপুর পৌনে ২টায় তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিকেল সাড়ে ৩টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। বিকেল ৫টায় তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এই সফর শেষ করবেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন