গ্রাহকদের জন্য সার্বক্ষণিক ফ্রি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ হটলাইন চালু করেছে ওয়ালটন প্লাজা। একইসঙ্গে দেশব্যাপী ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
বুধবার রাজধানীর মিরপুর মাজার রোডস্থ ওয়ালটন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। এ সময় তিনি ওয়ালটন প্লাজার ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার’ প্রকল্পের আওতায় গ্রাহকদের জন্য বিশেষ হটলাইন নম্বর (০৯৬০৬-৯৯০০২৯) চালুর ঘোষণা দেন। এই নম্বরে কল করে ওয়ালটন প্লাজার গ্রাহকরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন।
দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যপরামর্শ, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন প্লাজা সারা বছরই বিভিন্ন গ্রাহকবান্ধব কর্মসূচির মাধ্যমে ক্রেতাদের বিশেষ সুবিধা দিয়ে আসছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কার্যক্রম তারই অংশ। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে ওয়ালটন প্লাজার গ্রাহকদের পাশাপাশি সাধারণ মানুষও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেন, ওয়ালটন প্লাজা শুধু পণ্য বিক্রয়েই সীমাবদ্ধ নয়, বরং গ্রাহকদের আর্থ-সামাজিক কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর ফলে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন প্লাজার হেড অব এইচআর মো. ফয়সাল ওয়াহিদ এবং চিফ সেলস এক্সিকিউটিভ এম এম নাজমুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা। অনলাইনের মাধ্যমে দেশব্যাপী ওয়ালটন প্লাজার প্রতিনিধিরাও অনুষ্ঠানে যুক্ত হন।
ওয়ালটন প্লাজা জানিয়েছে, তাদের ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় ইতোমধ্যে দেড় হাজারের বেশি গ্রাহক ও তাদের পরিবারকে তিন কোটিরও বেশি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া কিস্তি ক্রেতাদের জন্য স্বাস্থ্যসেবা, জীবন বীমা, ডায়াগনস্টিক সুবিধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থাও রয়েছে।
খবরটি শেয়ার করুন