শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

আজ পয়লা বৈশাখ, স্বাগত ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

জীর্ণ-পুরাতন সবকিছু পেছনে ফেলে নতুন আশা ও আনন্দের বার্তা নিয়ে বাংলার ঘরে ঘরে আবার এলো পয়লা বৈশাখ। নববর্ষ এক আনন্দোৎসব। কেননা, তা আসে নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন প্রত্যয় নিয়ে। ফেলে আসা দিনগুলোর ব্যর্থতা ও হতাশার বিপরীতে সাফল্য অর্জনের নতুন প্রেরণা ও সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন অধ্যায় শুরু হয়।

গতকাল রোববারের সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে একটি বছরের ইতি হলো। সময়ের চাকা ঘুরে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর। নতুন সূর্য উদিত হয়ে জানিয়ে দিল—বিদায় ১৪৩১, স্বাগত ১৪৩২। আজ সোমবার পয়লা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়, একটি নতুন সূচনা। এদিনে জীর্ণ-পুরোনোকে ছুড়ে ফেলে নতুনের আবাহন করে বাঙালি।

কৃষিসমাজ থেকে শুরু হলেও দিনে দিনে বৈশাখ ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে নগরে, এমনকি বিদেশবিভুঁইয়ে। বাঙালির অস্তিত্ব যেখানে, সেখানেই নতুন বছরে বৈশাখ উদ্‌যাপন হয়। এ যেন বাঙালির অস্তিত্বের পরিচয়। বর্ষবরণের এ স্বাজাত্যবোধ ও বাঙালিয়ানা নতুন করে প্রাণসঞ্চার করে প্রত্যেকের জীবনে।

নতুন বছরকে বরণ করে নিতে বরাবরের মতো এবারও প্রস্তুত বাংলাদেশ। ইতিমধ্যে চৈত্রসংক্রান্তি দিয়ে বর্ষবিদায়ের আয়োজন শুরু হয়েছে। বর্ষবরণ উপলক্ষে বাঙালি ছাড়াও বিভিন্ন জাতিসত্তা মাতে তাদের নিজেদের উৎসবে। এবার তাই সরকারিভাবেই বর্ষবরণে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক আয়োজন করা হয়েছে। বাঙালির আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে অন্য জাতিসত্তাগুলোও।

‘বাংলা নববর্ষ ১৪৩২’ জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ছায়ানট ভোরে রমনার বটমূলে ‘এসো, এসো, এসো হে বৈশাখ’—এ আগমনী গানে নতুন বছরকে আবাহন করবে।

এ ছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রোন শো'সহ নানা আয়োজন করেছে। বাংলা একাডেমিতে চলবে কারুপণ্যের মেলা। সুরের ধারা, উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় কবিতা পরিষদ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যসহ নানা সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান পয়লা বৈশাখে নানা আয়োজন করেছে। তাতে মিলবে বাঙালি লোক পরিবেশনার সুর। বাংলা নববর্ষে সব কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) উন্নত মানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৈরি ‘স্বৈরাচারের মুখাবয়ব’ মোটিফে আগুন দেওয়ার ঘটনায় রাজধানীতে বর্ষবরণ ঘিরে কঠোর নজরদারি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চারুকলায় আগুন দেওয়া দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, পয়লা বৈশাখের শোভাযাত্রা শুরুর আগেই এ বিষয়ে সুসংবাদ পাওয়া যাবে।

গতকাল সকালে রমনা বটমূলে ডিএমপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, মোটিফে আগুন দেওয়ার ঘটনার তদন্ত চলছে এবং মামলা করা হয়েছে। এখনই বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না, তবে আসামি গ্রেপ্তারের পর সব জানানো হবে।

এ ঘটনায় র‍্যাবও পৃথক তদন্ত করছে। বাহিনীর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান গতকাল রমনা বটমূলে সাংবাদিকদের বলেন, যারা দায়িত্বে ছিলেন, তাদের অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

পয়লা বৈশাখ ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, এ বছর কোনো নিরাপত্তাঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স মোতায়েন থাকবে, সঙ্গে থাকবে র‍্যাব, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও কাউন্টার টেররিজম ইউনিট।

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান, চারুকলার শোভাযাত্রা ও অন্যান্য আয়োজনকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুটে থাকবে সিসি ক্যামেরা, ডগস্কোয়াড, ভিডিও ও ড্রোন ক্যামেরা। বসানো হবে পর্যবেক্ষণ টাওয়ার, রুফটপে মোতায়েন থাকবে নিরাপত্তা বাহিনী।

এইচ.এস/

পয়লা বৈশাখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250