ছবি: সংগৃহীত
জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট আমির খসরু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। গুরুতর অসুস্থতা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
সর্বশেষ বিএমইউ’র আইসিইউতে ভর্তি ছিলেন। আমির খসরুর স্বজনেরা জানিয়েছেন, সন্ধ্যা সাতটার কিছু আগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক আমির খসরু ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন।
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমির খসরু কর্মজীবনে সংবাদ, দৈনিক খবর, দৈনিক ইত্তেফাক, চ্যানেল আইতে স্টাফ রিপোর্টার এবং ভয়েস অব আমেরিকার করেসপনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করা ছাড়াও বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লিখতেন।
এ ছাড়াও তিনি ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।
আমির খসরু দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় এক সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।
আগামীকাল রোববার লালমাটিয়া মসজিদ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আমির খসরুর মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
খবরটি শেয়ার করুন