বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা *** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী

পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি?

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

এক দিনে পাঁচ দেশের কূটনীতিকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আলাদা বৈঠক দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় নিযুক্ত ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের কূটনৈতিক প্রতিনিধিদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতও তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকগুলোকে কেন্দ্র করে আলোচনায় এসেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা এবং এ বিষয়ে ভারতের সম্ভাব্য কূটনৈতিক ভূমিকা।

পাঁচ দেশের প্রতিনিধির সঙ্গে একই দিনে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে ঠিকই, তবে বৈঠকগুলো একসঙ্গে বা কোনো যৌথ উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়নি। প্রত্যেক কূটনীতিক পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। তাদের দেওয়া বক্তব্যেও দ্বিপক্ষীয় সম্পর্ক, জাতিসংঘের সংস্কার, রোহিঙ্গা সংকট ও সৌজন্য সাক্ষাতের বিষয় উঠে এসেছে। 

তবে সাম্প্রতিক সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনারের ধারাবাহিক যোগাযোগ, দিল্লিতে তার উচ্চপর্যায়ের বৈঠক এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে তাঁর সাক্ষাৎ—সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ভারতের কূটনৈতিক তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রশ্নে শুধু ঢাকার সঙ্গে যোগাযোগেই সীমাবদ্ধ নেই ভারত। এ বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ার মতো প্রভাবশালী আন্তর্জাতিক শক্তির সঙ্গেও কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ঢাকায় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন পূর্ণমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

অন্যদিকে, ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে চরম প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের দিন বাংলাদেশে ‘ইতিহাসের বৃহত্তম’ জনসমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির অগ্রগতি নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতীয় কূটনীতিকেরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রথমে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় খলিলুর রহমানকে শুভেচ্ছা জানাতে তিনি গিয়েছিলেন। জাতিসংঘের সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, থ্যাংকসগিভিং দিবস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলতে তিনি সাক্ষাৎ করেছেন। যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের আলোচনায় ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং রোহিঙ্গা সংকট। চীন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

তবে দীনেশ ত্রিবেদীর ঢাকায় দায়িত্ব গ্রহণের পর থেকে তার রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের ধরন বিশেষভাবে লক্ষণীয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার করে পাঠানোর মধ্য দিয়ে দিল্লি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে রাজনৈতিক গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার ভারতে অবস্থান ও প্রত্যর্পণের দাবি দুই দেশের সম্পর্কের অন্যতম জটিল বিষয় হয়ে রয়েছে।

গত আগস্টে ত্রিবেদী প্রথমে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরদিন ১০ আগস্ট তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গেও তার বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানায়। বৈঠকের পর খলিলুর রহমানও সাংবাদিকদের বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এরপর ৬ অক্টোবর দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর নতুন করে আলোচনার জন্ম দেয়। ওই দিন তিনি ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈঠকে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। এর আগে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ত্রিবেদীর যোগাযোগের কথা বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৩ নভেম্বর প্রকাশিত বিবিসি বাংলার প্রতিবেদনে দিল্লির কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, ত্রিবেদী ঢাকায় দায়িত্ব পালনের পাশাপাশি দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। ৬ অক্টোবরের সফরে সেনাপ্রধানের সঙ্গে তার সাক্ষাৎও ছিল সেই ধারাবাহিকতার অংশ।

বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের সামরিক সূত্র মনে করে, বিশেষ পরিস্থিতি ছাড়া ঢাকায় নিযুক্ত হাইকমিশনারের দিল্লিতে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের বিশেষ কারণ থাকার কথা নয়। ওই সূত্রের ইঙ্গিত ছিল, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীর সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।

এর আগে ৩১ জুলাই ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছিল। তবে আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। একই সফরে সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন এবং পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

ভারতীয় হাইকমিশনার ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের এই বৈঠকটি এমন এক সময়ে হয়েছিল, যখন শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশের প্রত্যর্পণের দাবি দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু। ফলে বৈঠকটির আলোচ্যসূচি প্রকাশ না হওয়ায় এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আরেকটি বৈঠক হয়। ১২ নভেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত ওই সাক্ষাতের বিষয়টি যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করলেও আলোচনার বিষয়বস্তু জানায়নি। বৈঠকটি এমন সময়ে হয়, যখন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশ সরকার তার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। একই সময়ে ভারত-বাংলাদেশের পঞ্চম কনস্যুলার সংলাপও স্থগিত হয়। ফলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের এই যোগাযোগও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের কূটনৈতিক অবস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায় ১৩ নভেম্বর বিবিসি বাংলার প্রকাশিত প্রতিবেদনে। দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সেখানে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে ভারত দুটি বিষয়ে নিশ্চয়তা চাইছে। প্রথমত, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সেনাবাহিনীর উড়োজাহাজে তিনি ভারতে গিয়েছিলেন। তাই তাকে দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশের সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হবে। এ জন্য দিল্লি থেকে সামরিক উড়োজাহাজে তাকে নিয়ে যাওয়া অথবা স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থানে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তরের ব্যবস্থা হতে পারে।

দ্বিতীয়ত, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের অভিযোগে বিচারপ্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের অধিকার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের নজরদারিতে বিচারপ্রক্রিয়া পরিচালনার বিষয়টিও দিল্লির বিবেচনায় রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের বক্তব্যের বরাত দিয়ে আরও বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিল্লির অজ্ঞাতসারে দেওয়া হয়নি; তার প্রত্যাবর্তন নিয়ে দুই পক্ষের মধ্যে পর্দার আড়ালে যোগাযোগ চলছে।

তবে ভারতের পক্ষ থেকে এসব শর্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হয়েছে, এমন কথা স্বীকার করেনি ঢাকা বা দিল্লি। ১৩ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। সামরিক উড়োজাহাজে তাকে ফেরানো কিংবা বিচারপ্রক্রিয়া নিয়ে নিশ্চয়তা চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে চাননি। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও বলেন, ভারত সরকারের দায়িত্বশীল কোনো সূত্র থেকে এ ধরনের শর্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ভারত কোনো প্রস্তাব দিলে বাংলাদেশ তা বিবেচনা করবে।

বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি বলছেন, শেখ হাসিনা নিজেই দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চাইলে ভারত ও বাংলাদেশের সরকারের উচিত তার নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা নিয়ে আলোচনা করা। বাংলাদেশের সরকার আলোচনায় আগ্রহী না হলে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বীণা সিক্রির যুক্তি, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সেনাবাহিনীর উড়োজাহাজে শেখ হাসিনা ভারতে এসেছিলেন। তাই একই বাহিনী তাকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থাও করতে পারে। তার মতে, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রত্যর্পণ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়েও নতুন করে ভাবা দরকার। তিনি শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রত্যাখ্যানের সিদ্ধান্তের সমালোচনা করেন। তার বক্তব্য, প্রত্যর্পণের মাধ্যমে হোক কিংবা সাধারণ নাগরিক হিসেবে, দেশে ফিরতে হলে শেখ হাসিনার একটি ভ্রমণ নথি প্রয়োজন।

ভারতের আরেক সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী অবশ্য বিষয়টিকে শুধু শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্ন হিসেবে দেখেননি। তার মতে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একজন ব্যক্তিকে কেন্দ্র করে নির্ধারিত হওয়া উচিত নয়। বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তাসহ দুই দেশের বহু গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত তাকে বাধা দেবে না, তবে দেশে ফেরার পর তার সঙ্গে কী ধরনের আচরণ করা হবে, সে বিষয়ে দিল্লি জানতে চাইতে পারে। তার নিরাপত্তার প্রশ্নটিও ভারতের বিবেচনায় থাকবে।

পিনাক রঞ্জন চক্রবর্তীর বক্তব্যে ভারতের দ্বিমুখী কূটনৈতিক বাস্তবতা স্পষ্ট। একদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং নতুন সরকারের সঙ্গে কাজ করা দিল্লির জন্য জরুরি। অন্যদিকে শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক, ভারতে তার অবস্থান এবং তার বিরুদ্ধে বাংলাদেশের বিচারিক পদক্ষেপও ভারতের জন্য অস্বস্তিকর বিষয়। এ কারণে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত একদিকে আইনি প্রক্রিয়ার কথা বলছে, অন্যদিকে নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়ার নিশ্চয়তার প্রশ্ন সামনে আনছে।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার পেছনে তার নিজের বক্তব্যও গুরুত্বপূর্ণ। গত ১০ জুলাই বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরের দিকে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথাও জানান। পরে ৫ আগস্ট নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে অডিও বার্তার মাধ্যমে দেশে ফেরার ঘোষণা পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার সিদ্ধান্ত থেকে সরে আসেননি। গ্রেপ্তার, কারাবাস কিংবা মৃত্যুর ঝুঁকি থাকলেও নিজের দেশের মানুষের মধ্যে থাকতে চান বলে জানান তিনি।

এদিকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন প্রত্যাবর্তন পরিকল্পনাকে আরও আলোচনায় এনেছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তার আইনজীবীদের মাধ্যমে আবেদন করার খবর প্রকাশিত হওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে একাধিকবার এ বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি বিষয়টিকে আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন। তবে নতুন ভ্রমণ নথি পাওয়ার আবেদন এবং প্রত্যর্পণের প্রশ্ন এক নয়। একটি বাংলাদেশের নাগরিক হিসেবে ভ্রমণের নথি পাওয়ার বিষয়, অন্যটি দুই দেশের প্রত্যর্পণ চুক্তি ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।

ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার দিন বড় ধরনের জনসমাগম ঘটানোর পরিকল্পনা করছে আওয়ামী লীগ। দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সংবাদমাধ্যমটিকে বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিন ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ করার লক্ষ্য নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও বলেছেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র না দিয়ে শেখ হাসিনার দেশে ফেরা ঠেকানো যাবে না।

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। রয়টার্সের ১৮ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ২৮ জেলায় বোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে পুলিশ। ১৯ নভেম্বরও বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। ঢাকায় ১০৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। সাত জেলায় ৯৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েনের তথ্যও প্রকাশিত হয়েছে। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

লন্ডনের আন্তর্জাতিক কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান আইআইএসএসের ১২ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণেও বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দিল্লি একাধিক উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা, ভারতীয় হাইকমিশনারের ধারাবাহিক যোগাযোগ এবং দুই দেশের বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা পুনরুজ্জীবনের চেষ্টা সেই উদ্যোগের অংশ। কিন্তু শেখ হাসিনার ভারতে অবস্থান এবং প্রত্যর্পণ নিয়ে মতবিরোধ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে বাধা হয়ে রয়েছে।

এ অবস্থায় ১৯ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের প্রতিনিধির পৃথক সাক্ষাৎকে কেবল সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখলেও বৃহত্তর কূটনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করার সুযোগ নেই। বিশেষ করে একই সময়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের যোগাযোগ, এর আগে সার্জিও গোরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, দিল্লিতে ভারতের সেনাপ্রধানের সঙ্গে তার আলোচনা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় সাবেক কূটনীতিকদের ধারাবাহিক বক্তব্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে একটি বিষয় স্পষ্ট, শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নটি এখন শুধু আওয়ামী লীগের রাজনৈতিক দাবি কিংবা বাংলাদেশের প্রত্যর্পণসংক্রান্ত আইনি বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে পড়েছে ভারতের নিরাপত্তা ও রাজনৈতিক হিসাব, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক, যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলোর অবস্থান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রশ্ন।

ফলে আগামী ডিসেম্বরের আগে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ কোন দিকে এগোয়, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত কী অবস্থান নেয় এবং আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কতটা সক্ষম হয়—এসবের ওপর দুই দেশের সম্পর্কের পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করতে পারে।

কূটনীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250