ছবি: সংগৃহীত
ইয়েমেনে ইরানপন্থী হুতি বিদ্রোহীদের কাছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর বিশাল অঞ্চল হারানোর পর সামরিক জোটের কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। গতকাল সোমবার দেশটির বাদশাহ সালমানের জারি করা এক রাজকীয় ফরমানের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।
সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রয়টার্স জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের বিদায়ী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে, দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যৌথ বাহিনীর কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে।
দুই পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, ইয়েমেনের যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক পরিস্থিতি এবং হুতিদের অগ্রগতির সঙ্গে এই নেতৃত্ব পরিবর্তনের সরাসরি সম্পর্ক রয়েছে।
গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর ইয়েমেনের স্থবির গৃহযুদ্ধ আবারও তীব্র হয়ে ওঠে। এ সুযোগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হয় হুতিরা। গত অক্টোবর মাসে পাল্টা অভিযানে কিছু এলাকা পুনর্দখল করলেও গত রোববার বাব আল-মান্দেব প্রণালির কাছের বেশ কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ইয়েমেন সরকার। কৌশলগত গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ধরে রাখার পরিবর্তে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের নিরাপত্তায় মনোযোগ দিচ্ছে তারা।
ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে, হুতি যোদ্ধারা এডেনের প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে খোর ওমাইর এলাকায় পৌঁছেছেন। সরকারি বাহিনীর অবস্থান থেকে তাদের দূরত্ব এখন মাত্র ২৫ কিলোমিটার।
এদিকে এডেন শহরে নিরাপত্তা জোরদার করেছে সরকারি বাহিনী। বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়ে পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে। সরকারি কর্মকর্তা আমিন মাহমুদ রয়টার্সকে বলেন, খাদ্য ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকলেও সেনাদের পিছু হটা এবং এডেনের কাছে লড়াই ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাধারণ মানুষ উদ্বিগ্ন।
রাজনৈতিক ও সংঘাতবিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আল-কাদি বলেন, হুতিরা ক্রমেই এডেনের কাছাকাছি চলে আসায় শহরটির ওপর গুরুতর হুমকি তৈরি হয়েছে। তার মতে, সানার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পরিকল্পনা করা সরকারি বাহিনী এখন নিজেদের প্রধান ঘাঁটি এডেন রক্ষায় ব্যস্ত।
বিশ্লেষকদের মতে, সরকারি বাহিনীর অভ্যন্তরীণ বিভক্তি, দীর্ঘদিনের মতবিরোধ ও সংঘাত তাদের অবস্থান দুর্বল করেছে। অন্যদিকে, হুতিরা লোহিত সাগরের উপকূল ও বাব আল-মানদেব প্রণালির আশপাশে নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছেন। গত মাসে সৌদি-সমর্থিত বাহিনী ধুবাবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করলেও আল-মোখা শহর পুনরুদ্ধার করতে পারেনি।
এদিকে ইয়েমেন যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর হুতিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালাচ্ছেন।
খবরটি শেয়ার করুন