শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী *** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১৩ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারত যা করতে পারেনি, সেটাই করে দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৪ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত টানা তিন টেস্ট পাকিস্তানের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। জয়ের পর নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা যেমন প্রশংসায় ভাসছেন, মুদ্রার উল্টো পিঠে অবস্থান করছে পাকিস্তান। শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ানদের ওপর দিয়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়।

মিরপুরে শেষ দিনে গতকাল ২৬৮ রানের লক্ষ্য পাকিস্তানকে দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে কমপক্ষে ৭৫ ওভারের মতো সময় পেয়েছিল পাকিস্তান। তবে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ১৬৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রথম টেস্টে ধারাভাষ্যকার হিসেবে কাজ করায় মাসুদ-রিজওয়ানদের অসহায় আত্মসমর্পণ কাছ থেকে দেখেছেন রমিজ রাজা। পাকিস্তান দলকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাবেক পিসিবি চেয়ারম্যান।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে গতকাল ১১ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান। সফরকারীদের ১০৪ রানে হারের পর তাদের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন রমিজ। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পাকিস্তানি এই ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘ক্রিকেটে জয়-পরাজয় থাকবেই। কিন্তু হারের ধরনটাও তো দেখতে হবে। যারা র‍্যাঙ্কিংয়ে ১, ২, ৩ নম্বরে আছে, তারা ঠিকই ম্যাচটা জিতত।’

বিদেশের মাঠে পাকিস্তান সবশেষ টেস্ট জিতেছে ২০২৩ সালে। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ২২২ রানে জয়ের পর বিদেশে পাকিস্তান টানা ছয় টেস্ট হেরেছে। এই ছয় টেস্টের মধ্যে তিনটিতে পাকিস্তান হেরেছে রান তাড়া করতে গিয়ে। অপর তিন ম্যাচ তারা হেরেছে রান ডিফেন্ড করতে গিয়ে।

রমিজের মতে পাকিস্তানি ক্রিকেটারদের মানসিক সমস্যা রয়েছে অনেক দিন ধরেই। যার খেসারত দলটি দিচ্ছে একের পর এক ম্যাচ হেরে। সাবেক পিসিবি চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তানের এই মানসিক সমস্যা শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই। গত পৌনে তিন বছরে পাঁচ বারের মধ্যে চার বার রান তাড়া করতে গিয়ে আমরা হেরেছি। রান তাড়ার ক্ষেত্রে নিষ্ঠা আর আত্মবিশ্বাস দেখা যায় না বললেই চলে। পাকিস্তানের ব্যাটিংয়ের অবস্থা যাচ্ছে তাই। যত জনকে খেলানো হয়েছে, সবাই চাপে ভেঙে পড়ে।’

টেস্টে শান মাসুদ অধিনায়কত্ব করছেন ২০২৩ সাল থেকে। কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না। পাকিস্তানকে ১৫ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ১১টিতেই হেরেছে দল। মাসুদের নেতৃত্বের সমালোচনা করে রমিজ বলেন, ‘মাসুদের নেতৃত্বের প্রায় তিন বছর হতে চলল। যদি আপনি ১৫ ম্যাচে অধিনায়কত্ব করে ১১ ম্যাচে হারেন এবং চার ম্যাচ জেতেন, তাহলে বুঝতে হবে অনেক কিছু ঠিকঠাক চলছে না।’

মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে ছিল পাকিস্তান। বাংলাদেশ ছিল পিছিয়ে। আজ মিরপুরে ১০৪ রানে জয়ের পর দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এল বাংলাদেশ। শান্তর দলের সফলতার হার ৪৪.৪৪ শতাংশ। অন্যদিকে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে। তাদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

জে.এস/

ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250