ছবি: সংগৃহীত
আরও একটি অ্যাওয়ার্ড পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। ১০ মে বিশ্ব মা দিবসে তিনি পাচ্ছেন মা পদক ২০২৬।
২০২৬ সালটা ববিতার জীবনে যেন অ্যাওয়ার্ড প্রাপ্তির বছর হয়ে ধরা দিয়েছে। বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে তার হাতে উঠেছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। গত ১৮ এপ্রিল তিনি পেয়েছেন ‘হুস হু’ পুরস্কার। আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পেতে যাচ্ছেন আনন্দমেলা আজীবন সম্মাননা পুরস্কার। ১০ মে ববিতা পাচ্ছেন মা পদক ২০২৬। আলী-রূপা ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে এই পদক দেওয়া হচ্ছে চলচ্চিত্রে মায়ের ভূমিকায় ববিতার অনবদ্য অভিনয় এবং একজন সফল মা হিসেবে। ওই দিন রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হবে এই পদক।
ববিতা বলেন, ‘যেকোনো প্রাপ্তিই আনন্দের। একজন সফল ও গর্বিত মা হিসেবে বিশেষ এই প্রাপ্তিতে আমি সত্যিই ভীষণ আনন্দিত। জীবনের এই পর্যায়ে এসে এই সম্মাননা প্রাপ্তি আমার কাছে খুবই অর্থবহ এবং সম্মানের বলেই মনে করছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আয়োজকদের।’
এর আগে মা পদক পেয়েছেন অভিনেত্রী শবনম, দিলারা জামান, আনোয়ারা ও চিত্রলেখা গুহ। এ বছর থেকে সংস্কৃতি অঙ্গনের ছয়জন, সাংবাদিকতায় দুজন এবং ব্যাংক, আইন বিচার, বিমানবাহিনী ও চিকিৎসা পেশা থেকে ১২ জন সফল ও গর্বিত সন্তানের মায়েদের মা পদক দেওয়া হবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন