শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

বিএনপি সরকারের বিরুদ্ধে নীরব ষড়যন্ত্রের পেছনে কারা?

শুভ্র বড়ুয়া

🕒 প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আল-কায়েদার উপস্থিতি ও সংগঠনটির নতুন করে তৎপর হওয়ার চেষ্টা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনের খবর প্রকাশের পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই বিএনপি সরকারের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার আশঙ্কা তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। 

আজ শনিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলছেন, দেশে জঙ্গিবাদ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে তৎপরতা শুরু হয়েছে, এর সঙ্গে সাম্প্রতিক সময়ে ভারতীয় কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের ঢাকায় বৈঠকেরও যোগসূত্র থাকতে পারে।

সালাউদ্দিন শোয়েব চৌধুরী তার পোস্টে লিখেছেন, “হঠাৎ করেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ উত্থাপিত হলো বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি সম্পর্কে। ঘটনাটা ঘটলো ঠিক যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের রাষ্ট্রদূতের বৈঠকের পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের সাথে সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এমন কথা শোনা যাচ্ছে, জাতিসংঘে এ ধরনের রিপোর্ট উত্থাপিত হওয়ার বিষয়টা জানতেন ‘র’-এর প্রধান পরাগ জৈন। তিনি এটা বাংলাদেশের নীতিনির্ধারকদের জানিয়েছেন কিনা, সেটা জানা যায়নি।”

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা একিউআইএসের বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে কার্যক্রম বিস্তারের চেষ্টা নিয়ে উদ্বেগের কথা এসেছে। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৩২তম প্রতিবেদনের বরাত দিয়ে বাংলাদেশি ও ভারতীয় সংবাদমাধ্যমগুলোও একিউআইএসের বাংলাদেশ, জম্মু ও কাশ্মীর এবং মিয়ানমারে কার্যক্রম বিস্তারের চেষ্টার কথা জানিয়েছিল।

সালাউদ্দিন তার পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার প্রসঙ্গও টেনেছেন। তিনি লিখেছেন, “উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং সংস্থাটির আরেক প্রভাবশালী কর্মকর্তা ভলকার তুর্ক-এর সাথে মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বন্ধুত্ব। ইউনূস ওই রিপোর্টের পেছনে হয়তো কলকাঠি নাড়েননি। কারণ, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের জন্যে তিনি এবং তার পারিষদের অনেকেই সরাসরিভাবে দায়ী। তাদের মধ্যে আছেন তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পরবর্তী স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান (যিনি বর্তমানে বিএনপি সরকারের আইনমন্ত্রী)।”

তার পোস্টের পরের অংশে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপের কথা বলা হয়েছে। সালাউদ্দিন লিখেছেন, “জাতিসংঘের এই রিপোর্ট প্রকাশের পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তরসহ সেদেশের আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই নড়েচড়ে বসেছে। বিএনপি সরকার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জঙ্গি বিরোধী দৃশ্যমান অভিযান শুরু না করলে এবং দেশে যদি ক্রমাগতভাবে শক্তিশালী পাইপ ও প্রেসার কুকার বোমা বিস্ফোরণের মতো অঘটন ঘটে, তাহলে নিশ্চিতভাবে ওয়াশিংটন নিষেধাজ্ঞার মতো কঠোর ব্যবস্থা নিতে পারে।”

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বোমা উদ্ধারের ঘটনাও ঘটেছে। গত ২৪ জুলাই ঢাকার মতিঝিলে একটি পাইপ বোমা উদ্ধার এবং ৩১ জুলাই আশুলিয়ায় একটি প্রেসার কুকার বোমা উদ্ধারের খবর জানিয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জেল থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়া এবং পরে জামিনে মুক্তির ঘটনাকে কেন্দ্র করে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কার কথাও পোস্টে তুলে ধরেছেন সালাউদ্দিন। তিনি লিখেছেন, “এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে জেলগুলো থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়া এবং পরবর্তীতে জামিনে মুক্ত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের উপর মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়েছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পররাষ্ট্র দপ্তরকে অবহিত করেছে বলে ওয়াশিংটনে একটি সূত্র দাবি করেছে। শেষতক যদি নিষেধাজ্ঞা আরোপ হয়ে যায় তাহলে নিশ্চিতভাবেই ইউনুসের আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ সাবেক দুই স্বরাষ্ট্র উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল এবং গোয়েন্দা সংস্থা প্রধানেরা টার্গেট হবেন।”

পোস্টের শেষ অংশে সালাউদ্দিন আরও একটি অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, “ওয়াশিংটনের সূত্রটি আরো জানায়, গত কয়েক সপ্তাহ যাবত মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষিত একজন শীর্ষ জঙ্গির (যার সাথে আল কায়েদার সম্পর্কের অভিযোগ আছে) সব মামলা প্রত্যাহারসহ দণ্ড মওকুফের তৎপরতার বিষয়টি এরই মাঝে মার্কিন নীতিনির্ধারকদের দৃষ্টিতে এসেছে।”

তিনি আরও লিখেছেন, “এই ঘটনায় খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা ভীষণ ক্ষুব্ধ। কারণ, ওই পুরস্কার ঘোষিত শীর্ষ জঙ্গির বিরুদ্ধে মার্কিন একজন নাগরিককে হত্যার অভিযোগ আছে। বিষয়টা ওয়াশিংটন এতোটাই সিরিয়াসলি নিয়েছে যে এই কারণে সংশ্লিষ্টদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন। এমনকি সংশ্লিষ্টদের পরিবারের সদস্যদের উপর স্থায়ী ভিসা নিষেধাজ্ঞার পাশাপাশি আমেরিকায় তাদের বিদ্যমান সম্পদ থেকে থাকলে সেগুলো বাজেয়াপ্তের মতো ব্যবস্থাও নেয়া হতে পারে।”

তবে সালাউদ্দিন শোয়েব চৌধুরীর এসব বক্তব্য ও দাবির স্বাধীনভাবে যাচাই করা তথ্য বা সংশ্লিষ্ট সরকারি সংস্থার বক্তব্য তার পোস্টে দেওয়া হয়নি। তার পোস্টে উল্লেখ করা সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা, ওয়াশিংটনের তৎপরতা এবং ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের তথ্যও তিনি সূত্রের বরাতে উল্লেখ করেছেন।

সালাউদ্দিন শোয়েব চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250