ছবি: সংগৃহীত
মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার আসামি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক সামচু ঢালী (৮৪)। গত ২৯ মার্চ বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া এই মুক্তিযোদ্ধার নাম পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার এজাহারে রয়েছে ২১৯ নম্বরে।
গত সোমবার দিবাগত রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।
জহিরুল হক সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার মৃত ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। একই সঙ্গে ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ তার মৃত্যু হয়। মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। পরে পারিবারিকভাবে তাকে দাফন করা হয়।
জানা যায়, ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে তারা সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে যানবাহন।
পুলিশ সূত্রে জানা যায়, মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে চারজনসহ মোট সাতজনকে গত বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
জহিরুল হক সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, আমার বাবা ২৯ মার্চ মারা গেছেন। বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন। আমার বাবা মারা যাওয়ার পর তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয় এবং পরে আমরা পারিবারিকভাবে তাকে দাফন করি।
এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আমার জানা নেই।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত বা টাইপের ভুলে অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মিললে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবরটি শেয়ার করুন