ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশ থেকে নেতা-কর্মী ও সমর্থকদের ঢাকায় আনতে সাতটি রুটে ট্রেন ভাড়া করবে বিএনপি। ২৪শে ডিসেম্বর রাতে ওই সাতটি বিশেষ ট্রেন অতিরিক্ত বগিসহ রিজার্ভের অনুমতি চেয়ে আজ বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দলটি।
সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই চিঠি দিয়েছেন।
বিএনপির চিঠিতে সাতটি রুটের ট্রেনের কথা উল্লেখ করা হয়। সেগুলো হলো কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা ও কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুট।
চিঠিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫শে ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। তাকে সংবর্ধনা জানানোর জন্য সারাদেশ থেকে বিপুলসংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আগমন করবেন। তাদের আগমনের সুবিধার্থে বিএনপি ২৪শে ডিসেম্বর দিবাগত রাতের বিভিন্ন রুটের রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক। সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে লেখা চিঠিতে বিএনপি প্রতিটি রুটে একটি করে বিশেষ ট্রেন অতিরিক্ত বগিসহ রিজার্ভ করার অনুমতি দেওয়ার জন্য রেলপথ মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
খবরটি শেয়ার করুন