বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন *** জামায়াত নেতাদের একের পর নারী কেলেঙ্কারির ঘটনা, এবার নিলেন বিধবার টিপসই, পরে ‘বিয়ের দাবি’ *** ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভে পুলিশি হামলার নিন্দা

প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

বিমানবন্দরে দেশে ফেরা প্রবাসী কর্মীরা যাতে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি রোধে কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে কাজ করার সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে জানানো হয়, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠানো হয়েছে। তাদের মধ্যে নারী কর্মী ৩৬ হাজার ৫৯০ জন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি।

বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে বৈঠকে আলোচনা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান থেকে ১২ জন নারী ও ৮ শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের সংকটকালীন সুরক্ষা এবং প্রয়োজনের সময় তাদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্সি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো হয়। বর্তমানে দেশে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি। এর মধ্যে সচল রয়েছে ২ হাজার ১৮৭টি।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ, বিদেশগামী কর্মীদের সেবা নিশ্চিত এবং বিমানবন্দরে তাদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম অংশ নেন।

সংসদীয় কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250