সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা ডিএমপির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

‎আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে আয়োজনের লক্ষ্যে রাজধানীর সব পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে পরীক্ষা চলাকালে নগরবাসীর দুর্ভোগ কমাতে বিশেষ ট্রাফিক নির্দেশনাও জারি করা হয়েছে।

আজ ‎মঙ্গলবার প্রকাশিত ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎

‎গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে পরীক্ষা চলাকালীন পুরো সময় এ আদেশ কার্যকর থাকবে।

‎অপর এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, রাজধানীর ৩০৯টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা হতে হবে। ব্যক্তিগত যানবাহনে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রের সামনে না নেমে নিকটবর্তী সুবিধাজনক স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে হবে এবং পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে কাছাকাছি কোনো স্থান থেকে গাড়িতে উঠতে হবে।

‎এ ছাড়া কোনো যানবাহন পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্ক করে রাখা যাবে না। অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। সড়কে অবস্থান করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। 

‎ডিএমপি আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের কেন্দ্রগুলোতে নির্বিঘ্নে পৌঁছানোর স্বার্থে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়কগুলোতে অপ্রয়োজনীয় যান চলাচল পরিহার করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। ‎

‎সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে রাজধানীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250