ছবি-ফাইল
সায়ন্তিকা ব্যানার্জী একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেত্রী, ডান্সার, মডেল এবং রাজনৈতিক নেত্রী। তিনি প্রধানত ভারতীয় বাংলা সিনেমাতে অভিনয় করেন। ডান্স রিয়ালিটি শো থেকে ক্যারিয়ার শুরু করে ২০০৯ সালে তিনি অভিনয় জীবন শুরু করেন।
নায়িকা হিসাবে তিনি যে কোনও কঠিন দৃশ্যে অবলীলায় অভিনয় করতে পারেন। হাই হিল পরে দিব্যি নাচতে পারেন এবড়ো থেবড়ো রাস্তায়। কিন্তু, ডিম ভাজতে গিয়ে এ কী অবস্থা হল সায়ন্তিকার! রীতিমতো লাফিয়ে ঝাঁপিয়ে একাকার কাণ্ড করলেন অভিনেত্রী।
আর এই কাণ্ডকারখানা দেখে শেষমেশ আর থাকতে না পেরে সাহায্য করতে এগিয়ে এলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিকে সায়ন্তিকার এই অবস্থা দেখে হেসেই খুন মিমি চক্রবর্তী, পার্নো মিত্ররা।
আসলে দৃশ্যটি ‘দিদি নং ১’-এর একটি এপিসোডের। সেখানে সাম্প্রতিক একটি এপিসোডে এসেছিলেন এই তারকারা। শোয়ের ফর্ম্যাট অনুযায়ী বিভিন্ন গেম শোয়ে অংশ নিতে হয় প্রতিযোগীদের।
আর দিদি নং ১ শোয়ের একটি গেমের জন্যই ডিম ভাজতে দেওয়া হয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তবে কুসুম ভাঙলে কিন্তু চলবে না। প্রথমে বেশ উৎসাহ নিয়েই শুরু করেছিলেন তিনি।
অল্প তেলে রান্না করার কথাও শুনিয়েছিলেন। বুঝিয়ে দিয়েছিলেন, তিনি হেলথ কনসাস। আর সেই কারণে কোনওভাবেই বেশি তেলে রাঁধতে চাননি।
প্রথমে ডিমটি ভালোভাবেই কুসুম সহ কড়াইতে দিয়েছিলেন সায়ন্তিকা। কিন্তু, কুসুম অক্ষত রেখে তা কড়াই থেকে নামাতে গিয়েই কেলেঙ্কারি। যেন তেন প্রকারে সেই ধাপটাও পার করেছিলেন সায়ন্তিকা। এরপরেই তিনি পড়লেন মহাফাঁপরে।
দ্বিতীয় ডিমটা বেলন দিয়ে এমন দুম করে কড়াইতে ফাঁটালেন যে কুসুমের আর আস্ত রইল না। এদিকে ‘কড়া সঞ্চালক’ ততক্ষণে এই ডিম ভাজা নাকচ করে দিয়েছেন। তবে একটু কড়াইতে তেল দিয়ে ডিম ভাজার টিপস তিনি দিয়েছেন বটে। কিন্তু, কে শোনে কার কথা!
আরো পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিউবের অফিসিয়াল পেজে রাফসান
সায়ন্তিকা অনড়, “আমি স্বাস্থ্য সচেতন। কোনওভাবেই তেল দিয়ে ডিম ভাজব না!” এদিকে তিন নম্বর ডিমটা কোনওমতে কড়াই পর্যন্ত পৌঁছে দিতে পারলেও তা নামাতে পারলেন না সায়ন্তিকা। অবশেষে হাত লাগালেন রচনা বন্দ্যোপাধ্যায়।
এদিকে সহ-প্রতিযোগীরা একটু চিৎকার করলেও রচনা বলেন, “আহারে ও বেচারা এমনিতেও লাস্ট হয়েছে!” ডিম ভাজতে গিয়ে সায়ন্তিকার এই নাকানি চোবানি দশা দেখে রীতিমতো হেসে লুটোপুটি খাওয়ার দশা মিমির। তিনিও বিভিন্ন পরামর্শ দিয়ে সায়ন্তিকাকে সাহায্য করতে চেয়েছিলেন বটে। কিন্তু, নায়িকা কী তা শুনেছিলেন!
আর সায়ন্তিকার এগ পোচ করার এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এসি/ আই.কে.জে/