বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

বেলজিয়ামের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেনের আমন্ত্রণে ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (অক্টোবর ২৪) সকাল ১১টা ১২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি ২০৭) তিনি ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা হন।

বিমানটি আজ (ব্রাসেলস সময়) সন্ধ্যা পৌনে ৭টায় ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে পৌঁছানোর কথা আছে। ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে রোববার (২২ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে।

তিনি বলেন, বাংলাদেশ এবং ইইউ তাদের ৫০ বছরের অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করার ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেওয়ার পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন। ২৫ অক্টোবর সকালে তিনি ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এই বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫ কোটি ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হবে।

ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হবে।

এছাড়া, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশনের মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরো অনুদান চুক্তিও স্বাক্ষরিত হবে।

এই সফরে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশন বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি বিভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করবে।

একই দিন শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ এবং ভাষণ দেবেন। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার বৈঠক করবেন।

সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইসি কমিশনার জেনেজ লেনারসিক এবং আন্তর্জাতিক অংশীদারত্ব বিষয়ক ইউরোপীয় কমিশনের কমিশনার জুটা উরপিলাইনেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে উরসুলা ফন ডার লেনের দেওয়া নৈশভোজে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

একই দিন বিকেলে শেখ হাসিনা বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন।

টিভি চ্যানেল ইউরোনিউজ এবং পলিটিকো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেবে। আগামী ২৭ অক্টোবর সফর শেষে তাঁর দেশে ফেরার কথা আছে।

ওআ/



প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250