বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

তৃতীয় সর্বোচ্চ স্পিন উইকেট শিকারি এখন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে তাই খুব একটা দায়িত্ব বর্তায়নি অধিনায়ক সাকিব আল হাসানের কাঁধে। তবে বল হাতে নেমেই তিনি গড়েছেন এক কীর্তি।

ভারতের ধর্মশালায় শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ৮ ওভার বল করে মাত্র ৩০ রান খরচায় ৩ উইকেট নেন সাকিব। ওয়ানডে বিশ্বকাপে এ নিয়ে ৩০ ম্যাচে তার শিকার ৩৭ উইকেট। আগের চার বিশ্বকাপে তার ঝুলিতে ছিল ৩৪ উইকেট।

এদিন ৩ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে। আর নাম লিখিয়েছেন বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্পিন উইকেট শিকারি হিসেবে। ২২ ম্যাচে ৪০ উইকেট নিয়ে এ তালিকার দুইয়ে আছেন ইমরান তাহির। শীর্ষে থাকা মুত্তিয়া মুরালিধরনের শিকার ৪০ ম্যাচে ৬৮ উইকেট। তাহির ও মুরালিধরন দুজনই অবসরে।

আর ৪ উইকেট নিয়েই তাই তাহিরকে ছাড়িয়ে যাবেন সাকিব। তবে এ বিশ্বকাপে মুরালিকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব সাকিবের জন্য।

আরো পড়ুন: আফগানদের গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বর্তমান ক্রিকেট খেলছেন, এমন স্পিনারদের তালিকায় অবশ্য শীর্ষে সাকিব। আর সবমিলিয়ে আছে তিনে। তার ওপরে থাকা দুজনই পেসার। ১৮ ম্যাচে ৪৯ উইকেট নিয়ে যেখানে শীর্ষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ২০ ম্যাচে ৪০ উইকেট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

এদিকে বিশ্বকাপ ইতিহাসে ৩৯ ম্যাচে ৭১ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন অজি কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। 

এসকে/ 

ক্রিকেট সাকিব আল হাসান সর্বোচ্চ স্পিন উইকেট শিকারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250