ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে জুলাই আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় করা একটি মামলায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. মতিউর রহমান (৬৫) ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা।
আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে তাকে দেখানো হয়েছে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সক্রিয় সদস্য ও বলিষ্ঠ কর্মী হিসেবে।
যদিও ওই বৃদ্ধের পরিবারের দাবি, মতিউর রাজনীতির সঙ্গে জড়িত নন। ছেলে জাকারিয়া দিপু কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা হওয়ার কারণে অসুস্থ মতিউরকে পুলিশ শনিবার ভোররাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মামলা তদন্ত করতে গিয়ে একাধিক সোর্সের মাধ্যমে মতিউর রহমানের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার তথ্য পাওয়া গেছে।
জুলাইয়ের ওই মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক।
তবে মতিউর রহমানের স্ত্রী দেলেরা বেগম সুখবর ডটকমকে মুঠোফোনে বলেন, 'শনিবার ভোর ৪টার দিকে আমার স্বামী (মতিউর) তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন। এ সময় দরজায় কড়া নাড়া হয়। উঠে আমার স্বামী দেখেন বাইরে পুলিশ। তারা গেট খুলতে বলে। একপর্যায়ে গেট খুলে দিলে পুলিশ আমার স্বামীকে সঙ্গে নিয়ে চলে যায়।'
'আমার স্বামী অসুস্থ ও বয়স্ক মানুষ। ১০-১৫ দিন আগে তার ডেঙ্গু ও নিউমোনিয়া হয়েছিল। তিনি এখনো ঠিকমতো দাঁড়াতে পারেন না,' বলেন তিনি। তিনি জানান, তাদের ছেলে যুবলীগ নেতা দীপু ২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে বাড়িতে ফেরেননি।
জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, 'মতিউর রহমানের ছেলে যুবলীগের পদে আছেন। এছাড়া তাদের পুরো পরিবার আওয়ামী লীগ করে। তারা অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে।'
'তাকে (মতিউর) আমরা ধরতে যাইনি। তিনি আমাদের ব্লকরেইডে পড়ে গেছেন,' যোগ করেন তিনি। পরিবার দাবি অনুযায়ী মতিউর রাজনীতির সঙ্গে জড়িত নন—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, 'বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।'
খবরটি শেয়ার করুন