বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী *** বিদেশে নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় রাষ্ট্রাচার ‘ভঙ্গ’, রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। গতকাল তিনি রাজশাহী ছেড়েছেন।

বর্তমানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। কী কারণে বিভাগীয় কমিশনারকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত করা হয়েছে সেটি সুনির্দিষ্ট করে বলা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র সুখবর ডটকমকে জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে রাজশাহী ছাড়তে বলা হয়। রাত ১১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। এর আগে সন্ধ্যায় তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

মাত্র দুই মাস আগে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেওয়া ইউসুফ আলীকে কেন এত দ্রুত সরানো হলো, প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফরের সময় ‘অপেশাদার আচরণ’ করায় তাকে সরানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আজ বুধবার সুখবর ডটকমকে মুঠোফোনে বলেন প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। এটা সব সময়ই হয়।

গতকাল মঙ্গলবার রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইট। জনসভা শেষে সন্ধ্যা ৭টায় তিনি রাজশাহী ত্যাগ করেন।

গতকাল রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কর্মকর্তাদের হাত মেলানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একপর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর বিভাগীয় কমিশনার তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। তবে তারেক রহমান তাকে সরিয়ে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে যান। দেখে মনে হচ্ছে, তিনি প্রোটোকলের (রাষ্ট্রাচার) সারি ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। রাষ্ট্রাচার ভেঙে তিনি এমনটি করেছেন বলে আলোচনা চলছে।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্র জানায়, বুধবার সকালেই অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ জন্য রাতে দায়িত্ব ছেড়ে তিনি একটি গাড়িতে রাজশাহী ত্যাগ করেন। রাত সাড়ে ১১টায় তিনি শহরের তালাইমারী এলাকা অতিক্রম করেন। ইতিমধ্যে তিনি ঢাকায় পৌঁছেছেন।

২০২৬ সালের ১৯ আগস্ট রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পান ইউসুফ আলী। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রত্যাহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250