বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী *** বিদেশে নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির *** টানা ১০ ম্যাচে গোল কেইনের, নিশ্বাস ফেলছেন রোনালদোর ঘাড়ে

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বিদেশে নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

#

ছবি: সিপিবির সৌজন্যে

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি অভিযোগ করে বলেছে, নিজ দেশের নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের পর তাদের নিয়ে অবমাননাকর মন্তব্যও করা হয়েছে। এর প্রতিবাদ জানায় সিপিবি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সিপিবির নেতারা এই প্রতিবাদ জানান। একই সঙ্গে দলটির নেতারা বিদেশে প্রবাসী মৃত্যুর প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গভীর উদ্বেগজনক। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও রায়ের বিস্তারিত তথ্য সরকারের কাছে থাকা দরকার ছিল। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিষয়ে তারা কিছুই জানত না।

বিদেশে বাংলাদেশের নাগরিকদের বিচার, কারাবাস ও মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সরকারের কার্যকর ভূমিকা রাখা দরকার ছিল বলে মন্তব্য করেন আবদুল্লাহ ক্বাফী। তিনি বলেন, কিন্তু সরকার নিজ নাগরিকদের জীবন রক্ষায় উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। মৃত্যুর পর তাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে।

প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকে বলে উল্লেখ করেন সিপিবির সাধারণ সম্পাদক। তিনি বলেন, অথচ তাদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ নেই। রেমিট্যান্সের অর্থে মন্ত্রী-এমপি ও আমলাদের বিলাসীজীবন নিশ্চিত হলেও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা উপেক্ষিত থাকছে।

বিদেশে কর্মরত বাংলাদেশিদের অধিকার রক্ষায় কার্যকর কূটনৈতিক উদ্যোগ, আইনি সহায়তা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান আবদুল্লাহ ক্বাফী।

সমাবেশের সভাপতিত্ব করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না। বিদেশে আটক বা কারাবন্দী বাংলাদেশিদের তালিকা তৈরি করতে সরকারের কাছে দাবি জানান তিনি। রাষ্ট্রীয় খরচে প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি নিয়মিত কারাগার পরিদর্শন ও বন্দীদের পরিবারের সঙ্গে যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানান তিনি।

রাগীব আহসান বলেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্ত করতে সরকারকে জরুরি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ফজলুর রহমান। কর্মসূচি পরিচালনা করেন সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250