সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড

সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে অত্যন্ত আগ্রাসী ও ক্ষতিকর প্রজাতির লাল আগুনে পিঁপড়ার (রেড ফায়ার অ্যান্ট) একটি বাসা ধ্বংস করেছে কর্তৃপক্ষ। তবে নতুন করে এ প্রজাতির পিঁপড়ার উপস্থিতি শনাক্ত হওয়ায় এর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা সতর্ক করেছেন, এই পিঁপড়া মানুষের পাশাপাশি পোষা প্রাণী, গবাদিপশু, কৃষি ও জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।

লাল আগুনে পিঁপড়াকে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক আগ্রাসী প্রজাতির একটি হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ আমেরিকা মহাদেশের এই পিঁপড়া জাহাজে পণ্য পরিবহনের মাধ্যমে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ২০০১ সালে প্রথমবারের মতো এই পিঁপড়ার উপস্থিতি শনাক্ত হয়। এরপর দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে এটি। নিউ সাউথ ওয়েলসেও বিচ্ছিন্নভাবে কয়েকটি বাসা পাওয়া গেছে। সম্প্রতি এনফিল্ডে একটি বাসা শনাক্তের দুই মাস পর সিডনিতে দ্বিতীয় বাসার সন্ধান মিলেছে।

সাধারণত লাল আগুনে পিঁপড়ার একটি কলোনিতে দুই লাখ বা তারও বেশি কর্মী পিঁপড়া থাকতে পারে। এরা সাধারণত ২ দশমিক ৪ থেকে ৬ মিলিমিটার লম্বা এবং লালচে-বাদামি রঙের হয়। বিরক্ত বা আক্রান্ত হলে দলবদ্ধভাবে আক্রমণ করে। চোয়াল দিয়ে মানুষের বা প্রাণীর চামড়ায় কামড়ে ধরে বারবার হুল ফোটায়। তাদের বিষ থেকে তীব্র জ্বালাপোড়া এবং গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে কীটপতঙ্গের বিষে অ্যালার্জি থাকা শিশুদের ঝুঁকি বেশি। হুল ফোটানোর পর আক্রান্ত স্থানে সাদা ফোসকার মতো ক্ষত তৈরি হয়।

বন্যা হলেও এদের বিস্তার থেমে থাকে না। পিঁপড়াগুলো পরস্পরকে আঁকড়ে ধরে জীবন্ত ভেলার মতো ভেসে থাকতে পারে। পানি নেমে গেলে নতুন এলাকায় ছড়িয়ে পড়ে। প্রজননক্ষম রানি ও পুরুষ পিঁপড়াও উড়ে নতুন এলাকায় গিয়ে কলোনি গড়ে তোলে।

নিউ সাউথ ওয়েলসের কৃষিমন্ত্রী তারা মরিয়ার্টি বলেন, মানুষের মাধ্যমে বিভিন্ন উপকরণ ও পণ্য স্থানান্তরই এ পিঁপড়া ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ। তাই সন্দেহজনক কিছু দেখলে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বিশেষজ্ঞদের আশঙ্কা, সারা দেশে ছড়িয়ে পড়লে চিকিৎসা, পশুচিকিৎসা ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণে প্রতিবছর এক বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের বেশি ব্যয় হতে পারে। কীটতত্ত্ববিদ জিওভান্নি রামোন-কাবরেরার মতে, কৃষি ও পরিবেশের ক্ষতিসহ বৃহত্তর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২০৪০-এর দশকে ২২ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

এদিকে প্রজাতিটি নির্মূলে কাজ করছে ন্যাশনাল ফায়ার অ্যান্ট ইরাডিকেশন প্রোগ্রাম। বিশেষজ্ঞদের পরামর্শ, কোথাও এ পিঁড়ার ঢিবি বা বাসা চোখে পড়লে তা স্পর্শ বা ধ্বংসের চেষ্টা না করে নিরাপদ দূরত্ব থেকে ছবি তুলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে। এতে মানুষের আহত হওয়া এবং পিঁপড়ার আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি কমবে।

লাল আগুনে পিঁপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250