ছবি: সংগৃহীত
পাবনা শহরে ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে প্রান্থ কুমার দাস (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে।
আটক প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নওগাঁর আত্রাই উপজেলার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মণ্ডলের ছেলে।
মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মন্দির খোলার পর সেখানে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন প্রান্থ। একপর্যায়ে তিনি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেন বলে অভিযোগ। বিষয়টি টের পেয়ে মন্দির কর্তৃপক্ষের লোকজন তাকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের দাবি, প্রান্থ মানসিকভাবে অসুস্থ। মন্দিরে প্রবেশের পর তার আচরণ অস্বাভাবিক হয়ে যায় এবং তিনি ভাঙচুর শুরু করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সে (প্রান্থ) মানসিকভাবে অসুস্থ ছিল। মন্দিরে ঢোকার পর তার মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় মন্দিরের সবকিছু ভাঙচুর শুরু করে। ওই সময় মন্দির কর্তৃপক্ষ তাকে আটক করে রাখে। পরে আমরা তাকে নিয়ে এসে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।’
খবরটি শেয়ার করুন