শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক *** আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ *** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির

এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নির্ধারিত: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৬

#

ফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তড়িঘড়ি করেছে অভিযোগ করে ১১–দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নির্ধারিত, এখানে অন্য কিছু হওয়ার সুযোগ নেই।

অলি আহমদ বলেন, কোনো সংসদ সদস্য তার ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবেন না, এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত। কর্তার ইচ্ছাই কর্ম হবে, দলের পক্ষ থেকে যেখানে ভোট দিতে বলা হবে, সেখানেই ভোট দিতে হবে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে অলি আহমদ এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১–দলীয় ঐক্যের প্রার্থীর এই প্রতিক্রিয়ার কিছুক্ষণ পরই রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। আর অলি আহমদ পান ৮৮ ভোট। ৩৫০ সদস্যের সংসদে এখন সংসদ সদস্য আছেন ৩৪৯ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন।

১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কেউ দলের মতামতের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্যপদ থাকবে না। বিএনপি ক্ষমতায় এলে তাদের ৩১ দফা অনুযায়ী সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার কথা বলেছিল। তিনি বলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে, তবে বিএনপি কেন তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করেছে, তা জানা নেই। তারা হয়তো মনে করছে সংশোধন না করে নির্বাচন করলে তাদের প্রার্থী জয়লাভ করবেন আর সংশোধন হয়ে গেলে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে।

অলি আহমদ বলেন, অনেক সংস্থার জরিপে ৬৮ থেকে ৭০ শতাংশ লোক তার পক্ষে ভোট দিয়েছেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৮ থেকে ৩০ শতাংশ লোক ভোট দিয়েছেন। এর মাধ্যমে জনগণ তাদের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতির ক্ষমতা প্রসঙ্গে এলডিপি সভাপতি বলেন, বঙ্গভবনে তিনটি মাজার ও একটি মসজিদ আছে। এসব মাজার জিয়ারত এবং মসজিদে নামাজ পড়া ছাড়া রাষ্ট্রপতির স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই। তবে আগামী দিনে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অলি আহমদ আরও বলেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে সুশাসন ও জবাবদিহির জন্য অনেক ছেলেমেয়ে জীবন দিয়েছেন। সব ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত না হলে দেশের মানুষ সুখেশান্তিতে বসবাস করতে পারবেন না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এলডিপি এবং ১১–দলীয় ঐক্যের পক্ষ থেকে ধন্যবাদ জানান অলি আহমদ। তিনি বলেন, ‘একসঙ্গে অনেক দিন কাজ করেছি; আপনার কাছ থেকে আমরা কিছু ভালো জিনিস আশা করি। সব জিনিসের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশা।’

মির্জা ফখরুলের উদ্দেশে এলডিপি সভাপতি আরও বলেন, ‘দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করেছি। আমি আশা করব জনগণ যেটা আশা করছে একজন রাষ্ট্রপতির কাছ থেকে, তার কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন ঘটবে।’ জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি সুশাসন ও সুবিচার থেকে জনগণ যেন বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অলি আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250