ছবি: ভিডিও থেকে নেওয়া
মিয়ানমারের রাখাইনে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে হামিদ হোসেন নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পায়ে আঘাতপ্রাপ্ত অবস্থায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এলে তাকে হাসপাতালে পাঠানো হয়।
আহত হামিদ হোসেন উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লক-২৭-এর বাসিন্দা কালাম হোসেনের ছেলে।
৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, বিস্ফোরণে কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা হামিদ হোসেন আহত হয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘আহত অবস্থায় হামিদ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।’
উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত ২২ মাসে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে ৪০টির বেশি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন বিজিবি সদস্যসহ অন্তত পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
খবরটি শেয়ার করুন