ছবি: বিসিসিআই
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ কি তাহলে পাওয়ারপ্লেতেই শেষ? অনেকে চাইলে এভাবে বলতেই পারেন। প্রথম ৬ ওভারে ভারত যা করেছে, সেই রানও করতে পারেনি শ্রীলঙ্কা। ১২৪ রানে হেরে লঙ্কানদেরও এশিয়ান গেমসের ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে। এবার তারা ব্রোঞ্জ পদক জয়ের আশায় খেলবে বাংলাদেশের বিপক্ষে।
নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আজ প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। সাহিবজাদা ফারহান, হাসান নাওয়াজদের ফাইনালে উঠতে তুলনামূলক কষ্ট হলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আরেক সেমিফাইনাল জিতেছে হেসেখেলে। একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়েছে ভারত। ভারত প্রথম ৬ ওভারে ৫৮ রান করলেও পুরো শ্রীলঙ্কা মিলে করেছে ৪৫ রান।
১৭০ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯.৫ ওভারে ৪৫ রানেই শেষ লঙ্কানরা। যেখানে দশম ওভারের তৃতীয় থেকে পঞ্চম বলে শেষ ৩ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। অভিষেক শর্মার করা সেই ওভারের তৃতীয় বলে রানআউট হয়েছেন তারিন্দু রত্নায়েকে। এরপর চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্দোকে ফিরিয়ে লঙ্কানদের ইনিংসের ইতি টেনেছেন ভারতের বাঁহাতি স্পিনার অভিষেক।
শ্রীলঙ্কার পাঁচ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। সিনেত জয়াবর্ধনে, লাসিথ ক্রুসপুল, সোহান দি লিভেরা টপ অর্ডারের এই তিন ব্যাটারের পাশাপাশি ডাক মেরেছেন আসেন বান্দারা, বিনুরা ফার্নান্দো। ভারতের জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, বুমরা পেয়েছেন দুটি করে উইকেট।
টস জিতে দ্বিতীয় সেমিফাইনালে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক সাহান আরাশশিগে। ভারত প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৫৮ রান করে। এরপর লঙ্কানদের দুর্দান্ত বোলিং ফিল্ডিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত। যেখানে ১৯তম ওভারের প্রথম বলে তারিন্দু রত্নায়েকের বল তুলে মারতে যান শিবম দুবে। এক্সট্রা কাভার থেকে ডান দিকে উড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন আরাশশিগে।
ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করে ১৬৯ রান। ইনিংস সর্বোচ্চ ৮০ রান করে অপরাজিত থাকেন ইশান কিষাণ। ৪৬ বলের ইনিংসে ৪ চার ও ৫ ছক্কা মেরেছেন। শ্রীলঙ্কার রত্নায়েকে, আরাশশিগে দুটি করে উইকেট নিয়েছেন। কিন্তু ব্যাটিংয়ে ভরাডুবি হওয়ায় লঙ্কানদের পথচলা থেমে গেছে সেমিফাইনালেই। পরশু ব্রোঞ্জের লড়াইয়ে কোরোগিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ।
খবরটি শেয়ার করুন