ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে রাতের অন্ধকারে দু-একটি জায়গায় ককটেলবাজি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত প্রত্যেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত ফ্যাসিবাদী, মাফিয়া শক্তি ও নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ আদালতের একটি রায়ের পরিপ্রেক্ষিতে তথাকথিত কর্মসূচি দেওয়া হয়েছে। আজ দলটির দেওয়া ওই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে দু-একটি জায়গায় ককটেলবাজি করা হয়েছে।’
হাইকোর্টের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যাত্রাবাড়ীর ঘটনায়ও গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চালক ও হেলপারবিহীন অবস্থায় বিভিন্ন জায়গায় পার্ক করে রাখা পরিত্যক্ত কিছু বাসকে রাতে লক্ষ্য করে দু-একটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। শনাক্ত হওয়ার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তার সফরের আগে এক সপ্তাহ ধরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা আন্তর্জাতিকভাবে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে—এমন একটি পরিস্থিতি উপস্থাপনের চেষ্টা কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় অংশগ্রহণ প্রতিবছর একবার হয়ে থাকে। প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। এর সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোর কোনো সম্পর্ক নেই।
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের লংমার্চের কর্মসূচি এসব ঘটনার অনেক আগে ঘোষণা করা হয়েছে। তাদের কর্মসূচিতে আরও দুটি লংমার্চের কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনালের রায়ের প্রেক্ষাপটে আওয়ামী লীগের পক্ষ থেকে ককটেলবাজি হচ্ছে। আসলে এর সঙ্গে বিরোধী দলের কর্মসূচির সম্পর্ক নেই।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি দুই বছর ধরেই এ ধরনের কর্মকাণ্ড করে আসছে এবং বর্তমান ঘটনাগুলো তারই ধারাবাহিকতা।
বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলবে।
অন্তর্বর্তী সরকারের সময় থেকে এ পর্যন্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের প্রত্যর্পণের জন্য চুক্তি অনুযায়ী ভারত সরকারের কাছে বারবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। বিষয়টি সরকার অনুসরণ করছে। ভারত সরকার অনুরোধপত্র আমলে নেবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গত শুক্রবার তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু লোক নামাজ শেষ হওয়ার পরও বসে আলাপ-আলোচনা করছিলেন। গোয়েন্দা সংস্থার কাছে এ ধরনের তৎপরতার তথ্য থাকায় তাদের আটক করা হয়। তাদের সংখ্যা প্রায় ২৩ জন।
আটক ব্যক্তিদের টেলিফোন ফরেনসিক পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তাদের পার্শ্ববর্তী থানায় নেওয়া হয়। সেখান থেকে প্রায় ১১ জনের বিরুদ্ধে তেমন কোনো সাক্ষ্য-প্রমাণ বা টেলিফোন ফরেনসিকে সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। পরে অভিভাবক ও সমাজের মুরব্বিদের ডেকে ১১ জনকে হস্তান্তর করা হয়েছে। বাকি ব্যক্তিদের ফোনের ফরেনসিক প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি সংগঠন করতে চেয়েছিলেন বলে জানা গেছে। তারা খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে উগ্রবাদী তৎপরতার জন্য সংগঠিত হতে চেয়েছিলেন।
উগ্রপন্থার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি তথ্য জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসবে।
খবরটি শেয়ার করুন