ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আসনটিতে নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ধানের শীষ। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।
প্রতীক বরাদ্দের পর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম বলেন, পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচার-প্রচারণাসহ সব ধরনের নির্বাচনী কার্যক্রম আচরণবিধি মেনে পরিচালনা করতে হবে।
কামরুল ইসলাম আরও বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রার্থীদেরও আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সময়সীমা শেষে এ আসনে পাঁচটি রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ হয়েছিল। পরে বিএনপির দুই প্রার্থীর একজন মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিলে প্রার্থীর সংখ্যা দাঁড়ায় পাঁচজনে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চূড়ান্ত প্রার্থী করা হয় মির্জা ফয়সল আমীনকে। গত ৫ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাকে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পাশাপাশি ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের অনুরোধ জানানো হয়েছিল। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর তার প্রার্থিতা চূড়ান্ত হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার দুপুর থেকেই দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা।
খবরটি শেয়ার করুন