ফাইল ছবি
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। হামাসের নিহত নেতাদের প্রশংসা, একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে অস্ট্রেলিয়ার ইহুদি ও হিন্দু সংগঠনগুলোর পক্ষ থেকে। দেশটির রাজনৈতিক দল ও অভিবাসনবিষয়ক বিশেষজ্ঞরাও তার ভিসা অনুমোদনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই বিতর্কের মধ্যেই পূর্বনির্ধারিত সফরসূচি সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছেড়েছেন শফিকুর রহমান। ২৪ নভেম্বর স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি দেশের উদ্দেশে রওনা হন। অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া হয়ে আজ ২৬ নভেম্বর দেশে ফেরার কথা ছিল তার। তবে মালয়েশিয়া সফর বাদ দিয়েছেন তিনি। ২৫ নভেম্বর দেশে ফিরেছেন তিনি।
শফিকুর রহমানের সফরকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন শুধু অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ আলোচনায় সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জামায়াতের রাজনৈতিক ইতিহাস, একাত্তরে দলটির অবস্থান, হামাসের নেতাদের বিষয়ে শফিকুর রহমানের বক্তব্য এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্ন উঠে এসেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও রাজনৈতিক প্রতিক্রিয়া জামায়াতের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে শফিকুর রহমানের ভিসা বাতিলের দাবি জানিয়েছে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন। সংগঠন দুটি যৌথভাবে তার অতীত বক্তব্য, হামাসের নিহত নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াকে নিয়ে মন্তব্য এবং মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে। একই সঙ্গে আলবানিজ সরকারের কাছে জানতে চেয়েছে, এসব বিষয় বিবেচনায় নিয়েই তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল কি না।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে অস্ট্রেলিয়ার ইহুদি ও হিন্দু সংগঠনগুলোর যৌথ বিবৃতির বিষয়বস্তু তুলে ধরা হয়। সংগঠন দুটির প্রশ্ন, হামাসের নেতাদের প্রকাশ্যে প্রশংসা করেছেন এমন একজন রাজনৈতিক নেতাকে কীভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হলো? তার সফরের সময় অস্ট্রেলীয় সরকারের কোনো প্রতিনিধি তার সঙ্গে বৈঠক করেছেন কি না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছে তারা।
শফিকুর রহমান হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর তাকে ‘বীর’ ও ‘শহীদ’ হিসেবে অভিহিত করেছিলেন বলে সংগঠন দুটি অভিযোগ করেছে। হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও তিনি শোক প্রকাশ করেন এবং তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করেন। অস্ট্রেলিয়ার সংগঠনগুলোর মতে, এসব বক্তব্য তার সফর এবং দেশটির সরকারি প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য যোগাযোগকে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পরিণত করেছে।
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি দেশটির ভিসানীতির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদের অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া এবং ইসরায়েলি সংসদ সদস্য সিমখা রথম্যানের ভিসা বাতিলের উদাহরণ তুলে ধরেন। তার প্রশ্ন, ইসরায়েলি রাজনীতিকদের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হলেও শফিকুর রহমানের ক্ষেত্রে কেন একই মানদণ্ড অনুসরণ করা হয়নি?
অন্যদিকে অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের হত্যা, অগ্নিসংযোগ, অপহরণ, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এসব নির্যাতনের সঙ্গে উগ্র ইসলামপন্থীদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে এ ধরনের রাজনৈতিক নেতাকে আতিথ্য দেওয়া অস্ট্রেলিয়ার বহুধর্মীয় সমাজের সংহতির জন্য ক্ষতিকর হতে পারে বলে মনে করেন তিনি।
দ্য অস্ট্রেলিয়ান ২৩ নভেম্বর শফিকুর রহমানের সিডনি সফর নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তার ভিসা অনুমোদন, হামাসের নেতাদের প্রশংসা এবং জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রতিবেদনে বলা হয়, অতীতে জামায়াতের কয়েক নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার বিষয়টিও বিতর্কের অংশ হয়ে উঠেছে। শফিকুর রহমানের অতীত বক্তব্যের মধ্যে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ নিয়ে তার বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের বিষয়টিও আলোচনায় এসেছে। পরে তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করা হলেও নারী অধিকারকর্মীরা সেই ব্যাখ্যা নিয়ে আপত্তি তুলেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অস্ট্রেলিয়ার সাময়িকী ‘কোয়াড্রান্ট’-এ ‘হাউ ডিড দিস ওয়ান এভার গেট আ ভিসা’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন অভিবাসন পরামর্শক ও আইন গবেষক রেমন্ড সালোমন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে শফিকুর রহমানের ভিসা বাতিলের দাবি জানান। অস্ট্রেলিয়ার অভিবাসন আইনের ১৩৩সি(৩) ও ৫০১(৩) ধারায় মন্ত্রীর ক্ষমতা প্রয়োগের আহ্বান জানান তিনি।
সালোমন এর আগে বাংলাদেশের ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিলের ঘটনা উল্লেখ করেন। তার প্রশ্ন, ওই দুজনের ক্ষেত্রে অতীত বক্তব্যের কারণে ভিসা বাতিল করা হলে জামায়াত আমির কীভাবে যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হলেন? শফিকুর রহমানকে কোন শ্রেণির ভিসা দেওয়া হয়েছে, কে অনুমোদন করেছেন, তার অতীত বক্তব্য পর্যালোচনা করা হয়েছিল কি না এবং বিশেষ নিরাপত্তা যাচাই হয়েছিল কি না, তা প্রকাশের দাবি জানান তিনি। আগামী সিনেট এস্টিমেটস শুনানিতে বিষয়গুলো উত্থাপনের জন্য বিরোধী দল ও স্বতন্ত্র আইনপ্রণেতাদের প্রতিও আহ্বান জানান।
এদিকে বিতর্কে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার রাজনৈতিক দল ওয়ান নেশন পার্টি ও ফ্যামিলি ফার্স্ট পার্টি। ২৪ নভেম্বর ওয়ান নেশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘কোনো অবস্থাতেই এই বিদ্বেষপূর্ণ ব্যক্তিকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।’ পোস্টটির সঙ্গে ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর একটি সংবাদ শিরোনামসংবলিত গ্রাফিক প্রকাশ করা হয়।
একই দিন ফ্যামিলি ফার্স্ট পার্টির জাতীয় পরিচালক এবং নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের উচ্চকক্ষের প্রার্থী লাইল শেলটন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের কাছে ব্যাখ্যা দাবি করেন। তার প্রশ্ন, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসাকারী এবং সহিংসতার ইতিহাস রয়েছে এমন একটি রাজনৈতিক দলের নেতাকে আতিথ্য দিয়ে কাউন্সিল কী বার্তা দিতে চেয়েছে? ইহুদিবিদ্বেষবিষয়ক রয়্যাল কমিশনের তদন্ত পুনরায় চালু করে কাউন্সিলের প্রতিনিধিদের হাজির করা এবং শপথের অধীনে জিজ্ঞাসাবাদের দাবিও জানান তিনি।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে শফিকুর রহমানের ভিসা অনুমোদনের আগে তার অতীত বক্তব্য ও কর্মকাণ্ড যাচাই করা হয়েছিল কি না, তা জানতে চেয়েছিল দ্য অস্ট্রেলিয়ান। ব্যক্তিগত গোপনীয়তার কারণ দেখিয়ে সরকার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায়। তবে সরকারের এক মুখপাত্র বলেন, অস্ট্রেলিয়ায় ভিসা পেতে আবেদনকারীদের স্বাস্থ্য, চারিত্রিক যোগ্যতা ও নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণ করতে হয়।
শফিকুর রহমানের সফরের বিরোধিতা শুধু অস্ট্রেলিয়ার সংগঠনগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সিডনির বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের আশঙ্কা, বাংলাদেশের রাজনৈতিক বিভাজন প্রবাসে ছড়িয়ে পড়লে বিভিন্ন ধর্মের বাংলাদেশিদের মধ্যে দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
অস্ট্রেলিয়া বিএনপির নেতা শাহিনুর রহমান ও প্রবাসী আবিদুর রহমানও জামায়াত-শিবিরের রাজনীতি নিয়ে আপত্তি জানান। তাদের বক্তব্য, মুক্তিযুদ্ধের ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে জামায়াতের বর্তমান নেতৃত্বকে অতীতের কর্মকাণ্ডের জবাব দিতে হবে। এসব প্রশ্নের উত্তর না দিয়ে প্রবাসে দলটির পক্ষে জনমত গঠনের চেষ্টা কমিউনিটিতে বিভাজন তৈরি করতে পারে। জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ নিয়েও তারা শফিকুর রহমানের বক্তব্য দাবি করেন।
স্থানীয় বাংলাদেশিদের ভাষ্য, অস্ট্রেলিয়ায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। বাংলাদেশের রাজনৈতিক বিরোধ বা ধর্মীয় বিদ্বেষের কারণে সেই পরিবেশ নষ্ট হোক, তারা চান না। তাদের মতে, প্রবাসী বাংলাদেশিরা শিক্ষা, পেশা ও পরিশ্রমের মাধ্যমে দেশের পরিচিতি তুলে ধরছেন। কিন্তু জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে উগ্রবাদ ও ধর্মীয় বিদ্বেষের অভিযোগ আলোচনায় আসায় সাধারণ প্রবাসীরাও বিব্রত হচ্ছেন।
শফিকুর রহমান ২০ নভেম্বর সিডনিতে পৌঁছান। ২১ নভেম্বর সিডনির চুলোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের আয়োজনে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভায় অংশ নেন। একই দিন গ্যালিপলি হোম এজড কেয়ারের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েক সংসদ সদস্য উপস্থিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২২ নভেম্বর পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের এক সভায় বক্তব্য দেন তিনি। সেখানে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।
বিশেষজ্ঞদের মতে, জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে অস্ট্রেলীয় সংগঠনগুলোর আপত্তির পেছনে রয়েছে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালে দলটির তৎকালীন নেতৃত্ব পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নেয় এবং পাকিস্তানি সামরিক বাহিনীকে সহযোগিতা করে। রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন ও বুদ্ধিজীবী হত্যার অভিযোগ রয়েছে। বিশেষ করে আলবদর বাহিনীর সঙ্গে জামায়াতের তৎকালীন নেতাদের সংশ্লিষ্টতা মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ বিষয়।
স্বাধীনতার পর জামায়াতের তৎকালীন আমির গোলাম আযমের ভূমিকা নিয়ে বিতর্ক অব্যাহত থাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ১৫ জুলাই তাকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যার ষড়যন্ত্র, পরিকল্পনা, উসকানি ও সহযোগিতার দায়ে ৯০ বছরের কারাদণ্ড দেন। আদালত বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় তার মৃত্যুদণ্ড হতে পারত; তবে বয়স বিবেচনায় কারাদণ্ড দেওয়া হয়। ২০১৪ সালের ২৩ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়। তাকে ২০১২ সালের ১১ জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল।
একাত্তরের অপরাধে জামায়াতের আরও কয়েকজন শীর্ষ নেতার দণ্ড কার্যকর হয়েছে। সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি হয় ২০১৩ সালের ১২ ডিসেম্বর। মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হয় ২০১৫ সালের ১১ এপ্রিল। একই বছরের ২২ নভেম্বর কার্যকর হয় আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি। ২০১৬ সালের ১০ মে দিবাগত রাতে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিও কার্যকর হয় ২০১৫ সালের ২২ নভেম্বর।
জামায়াতের আরেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগ এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ ছিল। আপিল বিভাগ ২০১৪ সালে মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, পিরোজপুরের উমেদপুর গ্রামের হিন্দুপাড়ায় অগ্নিসংযোগ এবং বিসাবালি নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ তার বিচারেও গুরুত্বপূর্ণ ছিল। ২০২৩ সালের ১৪ আগস্ট ৮৩ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ ওঠে। বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ ও উচ্ছেদের ঘটনাও সামনে আসে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০০৮ সালের এক প্রতিবেদনে নির্বাচনের পর কয়েক শ হিন্দু পরিবারকে জমি থেকে উচ্ছেদ এবং বাড়িঘরে আগুন দেওয়ার কথা উল্লেখ করা হয়।
আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ২০১৬ সালের প্রতিবেদনে ৫৭টি জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর ৩৩০টি হামলার ঘটনা নথিভুক্ত হওয়ার কথা বলা হয়। সংস্থাটি আরও জানায়, ২০১১ সালে প্রকাশিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনে ২৫ হাজারের বেশি বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল।
শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরের আগে জামায়াত জানিয়েছিল, ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তার অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের কর্মসূচি রয়েছে। সফরসঙ্গী হিসেবে ছিলেন সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান, চিকিৎসক এস এম খালিদুজ্জামান ও ব্যক্তিগত সহকারী মুহাম্মদ নজরুল ইসলাম।
তবে সফর সংক্ষিপ্ত করার কারণ নিয়ে জামায়াতের পক্ষ থেকেও বক্তব্য এসেছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ডেইলি স্টারকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়টিও সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার অন্যতম কারণ।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে অভিযোগ করেন, অস্ট্রেলিয়ায় আওয়ামী লীগের একটি অংশ ইহুদি ও হিন্দু সংগঠন দুটিকে পরোক্ষভাবে প্রভাবিত করে শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচার চালিয়েছে। তার দাবি, এসব বক্তব্যের কারণে জামায়াত আমিরের সফরের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছিল। তবে অস্ট্রেলীয় সরকার সংগঠন দুটির বক্তব্যকে গুরুত্ব দেয়নি বলে দাবি করেন তিনি।
খবরটি শেয়ার করুন