ফাইল ছবি (সংগৃহীত)
ছোটবেলায় ছেলেটার ধারণা ছিল পৃথিবী চ্যাপ্টা। বেশি দূর হাঁটলে কিনারায় পৌঁছে টুপ করে খসে পড়বে। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বড় হওয়া সেই ছেলে পৃথিবীর আকার জানত না, কিন্তু একটা নাম জানত। দিয়েগো ম্যারাডোনা।
ছয় বছর আগে, ২০২০ সালের ২৫ নভেম্বর রাতে, টুইটারে সাব্বির নামের একজন এই স্মৃতিটাই লিখেছিলেন। শেষে জুড়ে দিয়েছিলেন, মানুষটা কত বড় ছিলেন, এ থেকেই বোঝা যায়। একই রাতে আরেকজন লিখেছিলেন, তিনি বাংলাদেশের কান্না শুনতে পাচ্ছেন।
ম্যারাডোনা সেদিন চলে গিয়েছিলেন বুয়েনস আইরেসের উপকণ্ঠ তিগ্রের এক বাড়িতে, হৃদরোগে, বয়স ষাট। বাংলাদেশ থেকে সেই জায়গার দূরত্ব সতেরো হাজার কিলোমিটারের মতো। অথচ পরদিন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে, ক্রিকেটের মাঠে, চার দলের খেলোয়াড় আর কর্মকর্তারা এক মিনিট নীরবতা পালন করলেন একজন ফুটবলারের জন্য। সামাজিক মাধ্যম ভরে গেল শোকবার্তায়। প্রধানমন্ত্রী শোক জানালেন।
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখলেন, ব্যক্তিগত জীবনে সামনে থেকে দেখতে চেয়েছিলেন, এমন সুপারস্টার ছিলেন কেবল ওই একজনই।
কেউ কখনো সামনে থেকে দেখতে পাননি, এটাই হয়তো গল্পের সবচেয়ে অদ্ভুত অংশ। ঢাকায় তাকে আনার চেষ্টা হয়েছিল, ২০০৮ সালে, আবার ২০২০-তেও। দুবারই তা আর হয়ে ওঠেনি।
ম্যারাডোনার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক গড়ে উঠেছিল, তা পুরোপুরি পর্দার ভেতর দিয়ে। ফিরে যেতে হবে চার দশক আগে। বাংলাদেশের ফুটবলে তখন আবাহনী-মোহামেডানের সোনালি সময়। দুই ক্লাবের সমর্থকদের উন্মাদনায় কাঁপত ঢাকা স্টেডিয়াম। ফুটবল নিয়ে মানুষের আবেগটা তখন অনেকটাই ছিল ঘরোয়া ফুটবলকেন্দ্রিক।
আন্তর্জাতিক ফুটবলে পেলের সুবাদে ব্রাজিলের প্রতি আলাদা একটা টান ছিল এ দেশের ফুটবলপ্রেমীদের। ১৯৭৮ বিশ্বকাপে মারিও কেম্পেসের হাত ধরে আর্জেন্টিনারও কিছু সমর্থক তৈরি হয়েছিল। তবে ব্রাজিলের সঙ্গে তুলনা করার মতো নয়।
১৯৮৬ সালে এসে বদলে গেল সেই দৃশ্যপট। বাংলাদেশে টেলিভিশন তখনো ঘরে ঘরে পৌঁছায়নি। কোনো পাড়ায় কিংবা গ্রামে একটা বাড়িতে টেলিভিশন থাকা মানে বিশ্বকাপের সময় সেই বাড়িটাই হয়ে ওঠা গোটা এলাকার মিলনকেন্দ্র। ছোট্ট পর্দার সামনে গাদাগাদি করে বসে থাকতেন মানুষ। আজকের মতো রিমোট টিপে অসংখ্য চ্যানেল দেখার সুযোগ ছিল না, ছিল না ইন্টারনেট। বাংলাদেশ টেলিভিশনের কল্যাণেই দূরের পৃথিবীটাকে দেখার সুযোগ মিলত।
সেই টেলিভিশনের পর্দাতেই বাংলাদেশের মানুষ দেখল এক অদ্ভুত ফুটবলারকে। বল পায়ে ছুটছেন, তাকে ঘিরে ধরছেন প্রতিপক্ষের ফুটবলাররা। কখনো শরীরের মোচড়ে, কখনো পায়ের কারিকুরিতে, কখনো অবিশ্বাস্য গতিতে তাদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন তিনি। ফুটবল খেলাটা যে এত সুন্দর হতে পারে, ম্যারাডোনাকে দেখেই যেন নতুন করে আবিষ্কার করল একটা প্রজন্ম।
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কয়েক মিনিটের ব্যবধানে ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও সবচেয়ে সুন্দর গোল দুটির জন্ম দিলেন ম্যারাডোনা।
দ্বিতীয় গোলটি করার পথে ইংল্যান্ডের রক্ষণভাগকে যেভাবে তছনছ করে দিয়েছিলেন, তা নিয়ে পরের চার দশকে কত আলোচনা, কত বিশ্লেষণ হয়েছে! বাংলাদেশের পাড়ার চায়ের দোকান থেকে স্কুলের মাঠেও সেই গোলের গল্প ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কত কিশোর যে পরদিন মাঠে নেমে ম্যারাডোনার মতো করে ড্রিবলিং করার চেষ্টা করেছে, তার হিসাব কে রাখে!
সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে আরও দুই গোল। ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জয়। সতীর্থদের কাঁধে চড়ে সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরলেন ম্যারাডোনা। মেক্সিকো থেকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশেও তত দিনে জন্ম নিয়ে ফেলেছে অসংখ্য আর্জেন্টিনা সমর্থক।
আর্জেন্টিনা সেবার একটা বিশ্বকাপ জিতেছিল। আর ম্যারাডোনা জিতেছিলেন বাংলাদেশের অসংখ্য মানুষের হৃদয়।
বাংলাদেশের আর্জেন্টিনা-প্রেমের সবচেয়ে সুন্দর দিকটা যদি ১৯৮৬ সালের বিশ্বকাপ জয় হয়, তবে এর পরের ৩৬ বছরের বিশ্বকাপ না জেতার গল্পেও কম নয়।
জয়ী দলকে ভালোবাসা সহজ। কিন্তু একটা দলের সঙ্গে বছরের পর বছর ব্যর্থতার পথ পাড়ি দিতে অন্য রকম এক মায়ার প্রয়োজন হয়।
চার বছর পর ইতালি বিশ্বকাপে আবারও আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন ম্যারাডোনা। এবার আর শেষরক্ষা হলো না। পশ্চিম জার্মানির কাছে হেরে কান্নায় ভেঙে পড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। চার বছর আগে যারা ম্যারাডোনার হাসিতে আনন্দ খুঁজে পেয়েছিলেন, এবার তার কান্নায় ভারাক্রান্ত হলো তাদের হৃদয়ও। টেলিভিশনের পর্দার ওপাশের মানুষটির সুখ-দুঃখ কখন যে নিজেদের হয়ে উঠেছিল, হয়তো নিজেরাও বুঝতে পারেননি বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
১৯৯৪ বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে গোল করে ক্যামেরার সামনে ম্যারাডোনার সেই বুনো উদ্যাপন। কয়েক দিনের মধ্যেই কী ভীষণ বিষাদে বদলে গেল সেই আনন্দ! ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ম্যারাডোনা। কে জানত, নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকবে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ!
ম্যারাডোনার জীবনে বিতর্কের অভাব ছিল না। মাঠের বাইরের জীবন নিয়ে কত সমালোচনাই তো শুনতে হয়েছে তাকে। অথচ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে তার যে ছবিটা আঁকা হয়ে গিয়েছিল, সেই ছবির রং ফিকে হয়নি। ম্যারাডোনাকে ভালোবাসার জন্য তার নিখুঁত মানুষ হওয়ার প্রয়োজন পড়েনি।
বিশ্বকাপের পর বিশ্বকাপ এল, আর্জেন্টিনার শিরোপার অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। তবু বাংলাদেশের বাড়ির ছাদে আকাশি-সাদা পতাকা উড়তে থাকল।
একজন ফুটবলারের প্রতি মুগ্ধতা কখন যে একটা দেশের প্রতি ভালোবাসায় রূপ নিয়েছিল, সেটাই বাংলাদেশের আর্জেন্টিনা-প্রেমের সবচেয়ে সুন্দর অধ্যায়। সেই ভালোবাসা একসময় সঞ্চারিত হলো পরের প্রজন্মেও। বাবার কাছে শোনা ম্যারাডোনার গল্পই হয়তো কোনো সন্তানের আর্জেন্টিনা সমর্থক হয়ে ওঠার প্রথম উপলক্ষ।
মেসি এসে সেই ভালোবাসাকে আরও বিস্তৃত করেছেন। কিন্তু তার শিকড়টা রয়ে গেছে সেই আশির দশকেই। বাংলাদেশের কোনো এক বাড়ির ছোট্ট সাদাকালো টেলিভিশনের পর্দায়, যেখানে বল পায়ে ছুটে চলেছিলেন এক আর্জেন্টাইন জাদুকর।
২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনার মৃত্যুর খবরে তাই শুধু আর্জেন্টিনায় শোকের ছায়া নামেনি। বাংলাদেশের কত মানুষের বুকেও যেন হঠাৎ শূন্যতা নেমে এসেছিল। তাদের কাছে ম্যারাডোনার মৃত্যু শুধু একজন প্রিয় ফুটবলারের মৃত্যু ছিল না। কারও শৈশব, কারও কৈশোর, কারও যৌবনের একটা সুন্দর সময়ও যেন হারিয়ে গেল তার সঙ্গে।
ম্যারাডোনার জীবনে বিশ্বকাপ জয়ের গল্প আছে, নেপলস জয়ের গল্প আছে। অন্য সব জয়ের জন্য ম্যারাডোনাকে মাঠে নামতে হয়েছিল। বাংলাদেশ জয় করতে এ দেশের মাটিতে একবার পা রাখারও প্রয়োজন পড়েনি তার।
খবরটি শেয়ার করুন