ফাইল ছবি
বাংলাদেশে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ঢাকায় মার্কিন দূতাবাসের স্থানীয় কর্মী নিয়োগ এবং দলটির সঙ্গে কূটনীতিকদের যোগাযোগ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের গবেষক ও লেখক মাইকেল রুবিন। তার অভিযোগ, জামায়াতের অতীত রাজনৈতিক অবস্থান, সন্ত্রাসবাদের প্রতি দলটির নেতাদের সমর্থন এবং বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দলটির প্রতি সহনশীল অবস্থান নিয়েছে।
এমনকি ঢাকায় মার্কিন দূতাবাসের স্থানীয় কর্মী নিয়োগের ক্ষেত্রেও জামায়াতের অনুপ্রবেশ ঠেকাতে যথাযথ রাজনৈতিক যাচাই-বাছাই করা হয়নি বলে মনে করেন তিনি। তার মতে, এই পরিস্থিতি শুধু দূতাবাসের নিরাপত্তার জন্য নয়, বাংলাদেশ সম্পর্কে ওয়াশিংটনের নীতিনির্ধারণী বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করেছে।
‘ওয়াশিংটনস বাংলাদেশ ব্লাইন্ড স্পট: আমেরিকাস ডেঞ্জারাস টাইস উইথ জামায়াত’ শিরোনামে মঙ্গলবার, ২৪ নভেম্বর ফার্স্টপোস্টে প্রকাশিত এক নিবন্ধে এসব কথা লিখেছেন মাইকেল রুবিন। তিনি ওয়াশিংটনভিত্তিক মিডল ইস্ট ফোরামের নীতি বিশ্লেষণ বিভাগের পরিচালক এবং ভারতের উদয়পুরভিত্তিক উসানাস ফাউন্ডেশনের বিশিষ্ট ফেলো।
নিবন্ধের শুরুতে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা বা ইউএনআরডব্লিউএর উদাহরণ টেনেছেন রুবিন। তার বর্ণনা অনুযায়ী, ফিলিস্তিনের ব্রিটিশ শাসনাধীন ভূখণ্ডে ১৯৪৬ থেকে ১৯৪৮ সালের মধ্যে বসবাসকারী আরবদের সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘ এই সংস্থা প্রতিষ্ঠা করেছিল। সংস্থাটির নিজস্ব পরিকল্পনা অনুযায়ী, এটি ছিল অস্থায়ী প্রতিষ্ঠান। ১৯৫৩ সালে এর কার্যক্রম বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।
রুবিনের অভিযোগ, পরবর্তী সময়ে আরব দেশগুলোর শাসকেরা ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে সংস্থাটিকে ব্যবহার করতে শুরু করেন।
তিনি লিখেছেন, ইসরায়েল আরব ও ইসলামি দেশগুলো থেকে আসা পাঁচ লাখ ৮০ হাজারের বেশি ইহুদি শরণার্থীকে পুনর্বাসিত করলেও জর্ডান ছাড়া অন্য আরব দেশগুলো ইসরায়েলের স্বাধীনতাযুদ্ধের সময় বাস্তুচ্যুত আরবদের নিজেদের সমাজে একীভূত করতে অস্বীকৃতি জানায়। তার মতে, পরবর্তী কয়েক দশকে ইউএনআরডব্লিউএ জাতিসংঘের অন্যতম রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়।
এ ক্ষেত্রে সংস্থাটির সাবেক প্রধান আইন উপদেষ্টা জেমস লিন্ডসের বক্তব্য উল্লেখ করেছেন রুবিন। লিন্ডসের ব্যাখ্যা অনুযায়ী, ইউএনআরডব্লিউএর নিয়মে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের নিয়োগ নিষিদ্ধ থাকলেও আবেদনকারীদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করার কার্যকর ব্যবস্থা ছিল না। পশ্চিম তীর ও গাজায় স্থানীয় কর্মী নিয়োগের আবেদনপত্রে গ্রেপ্তার, অভিযোগ ও দণ্ডিত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হতো। কিন্তু আবেদনকারীরা যে উত্তর দিতেন, তা সঠিক কি না, তা যাচাই করা হতো না।
শুধু কর্মী নিয়োগেই নয়, সংস্থাটির কাছ থেকে যারা সহায়তা পেতেন, তাদের ক্ষেত্রেও যথাযথ যাচাই-বাছাই করা হতো না বলে অভিযোগ করেছেন রুবিন। তার ভাষ্য, পশ্চিম তীর ও গাজার প্রায় সবাই কোনো না কোনোভাবে ইউএনআরডব্লিউএর সেবার আওতায় ছিলেন। এই ইচ্ছাকৃত অজ্ঞতার সুযোগ নিয়ে হামাস সংস্থাটির সরবরাহব্যবস্থা ও কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
রুবিনের দাবি, সংস্থাটির সুযোগ-সুবিধা ব্যবহার করে হামাস যে সুড়ঙ্গ নেটওয়ার্ক তৈরি করেছিল, তার ব্যাপ্তি ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েত কংয়ের তৈরি কু চি সুড়ঙ্গ নেটওয়ার্কের দ্বিগুণেরও বেশি ছিল।
রুবিনের মতে, বাংলাদেশে স্থানীয় কর্মী নিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও অনেকটা একই ধরনের ভুল করছে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা তুলে ধরেছেন। তার বক্তব্য, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় জামায়াত প্রকাশ্যেই পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগী বাহিনীগুলোর পক্ষ নিয়েছিল। এসব বাহিনী বাঙালিদের বিরুদ্ধে নৃশংসতা ও গণহত্যা চালিয়েছিল।
জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে দলটির নেতাদের বক্তব্যও নিবন্ধে উল্লেখ করেছেন রুবিন। তার অভিযোগ, দলটি বিভিন্ন সময়ে সন্ত্রাসবাদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে। উদাহরণ হিসেবে তিনি ওসামা বিন লাদেনকে ‘ইসলামের যোদ্ধা’ ও শহীদ আখ্যা দেওয়ার ঘটনা তুলে ধরেছেন। জামায়াতের এক আইনজীবীর বক্তব্য উদ্ধৃত করে তিনি লিখেছেন, ওই আইনজীবী বলেছিলেন, ওসামা বিন লাদেন সব মুসলমানের কাছে একজন বীর। তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেও তার লক্ষ্য ও আদর্শ অব্যাহত থাকবে।
ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর জামায়াতের আমির শফিকুর রহমানের শোকবার্তাও উল্লেখ করেছেন রুবিন। তার উদ্ধৃত বক্তব্য অনুযায়ী, শফিকুর রহমান সিনওয়ারকে একজন বীর হিসেবে অভিহিত করে বলেছিলেন, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে জীবন উৎসর্গ করেছেন।
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনাতেও জামায়াতের সদস্যদের উপস্থিতির অভিযোগ তুলেছেন রুবিন। তিনি লিখেছেন, হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত খালিদ শেখ মোহাম্মদ ২০০৩ সালের ১ মার্চ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গ্রেপ্তার হন। সে সময় তিনি জামায়াতে ইসলামীর একজন জেলা পরিষদ সদস্যের বাড়িতে ছিলেন। ওই নারীর ছেলে, যিনি জামায়াতের সদস্য ছিলেন, সেখানেই উপস্থিত ছিলেন।
এ ছাড়া ১১ সেপ্টেম্বরের হামলার পরিকল্পনায় যুক্ত জার্মানির হামবুর্গ চক্রের সঙ্গে সংশ্লিষ্ট ইয়েমেনি নাগরিক রামজি বিনালশিবকে করাচির একটি বাসা থেকে গ্রেপ্তারের সময় সেখানে জামায়াতের একজন সদস্য উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন রুবিন। তার অভিযোগ, জামায়াতের সঙ্গে জামাতুল মুজাহিদীন ও হিজবুল মুজাহিদীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
এত সব অভিযোগ থাকা সত্ত্বেও ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস জামায়াতকে শুধু সহনশীলতার সঙ্গে দেখছে না, বরং দলটির সদস্যদের দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন রুবিন। তার মতে, দূতাবাসের স্থানীয় কর্মী নিয়োগের ক্ষেত্রেও দলটির অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কিছু মার্কিন কূটনীতিক নিজেরাই জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগে আগ্রহী হয়ে থাকতে পারেন।
এ প্রসঙ্গে তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মহাপরিদর্শকের প্রকাশিত ঢাকায় মার্কিন দূতাবাসবিষয়ক একটি নিয়মিত প্রতিবেদন উল্লেখ করেছেন। ওই প্রতিবেদনে দূতাবাসে ৫১১ জন স্থানীয় কর্মী এবং পররাষ্ট্র দপ্তর, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও অন্যান্য মার্কিন সরকারি সংস্থার জন্য অনুমোদিত আরও ১৩৯ জন সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মীর তথ্য ছিল। রুবিনের প্রশ্ন, এসব কর্মী নিয়োগের সময় জামায়াতের অনুপ্রবেশ ঠেকাতে যথাযথ যাচাই-বাছাই করা হয়েছিল কি না।
ঢাকায় মার্কিন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে জামায়াত নেতাদের কয়েকটি যোগাযোগের ঘটনাও নিবন্ধে তুলে ধরেছেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৬ অক্টোবর ঢাকায় আমেরিকান ক্লাবে যুক্তরাষ্ট্রের একজন রাজনৈতিক কর্মকর্তা জামায়াতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে আমন্ত্রণ জানান। পরদিন দলটির একটি সমাবেশ আয়োজনের বিষয়ে আলোচনা করতে ওই বৈঠক হয়েছিল।
এরপর ২০২৫ সালে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ স্টুয়ার্ট সিলেটে জামায়াতের স্থানীয় জেলা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মোহাম্মদ ইকবাল মাহমুদ। সফরটিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ২০২৬ সালের ২২ জানুয়ারি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন রুবিন। তার ভাষ্য অনুযায়ী, ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ে একজন মার্কিন কূটনীতিককে জামায়াত নেতাদের বলতে শোনা যায়, ওয়াশিংটন তাদের ‘বন্ধু’ হতে চায়।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের আগের পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন রুবিন। তার নিবন্ধ অনুযায়ী, বাংলাদেশের সংবাদমাধ্যমে তখন খবর প্রকাশিত হয়েছিল, ঢাকায় মার্কিন দূতাবাসের বিপুলসংখ্যক স্থানীয় কর্মীর ছাত্রজীবনে দেশের ইসলামপন্থী শক্তিগুলোর সঙ্গে সংশ্লিষ্টতার ইতিহাস রয়েছে। তবে ওই প্রতিবেদনে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি।
পরবর্তী সময়ে একই অভিযোগ আবারও সামনে আসে। রুবিন লিখেছেন, স্থানীয় সংবাদমাধ্যমে দূতাবাসের রাজনৈতিক সহকারী এম এম ফিরোজ আহমেদের নাম প্রকাশ করে তাকে জামায়াতের পূর্ণাঙ্গ সদস্য বলে উল্লেখ করা হয়েছিল। তার আরও অভিযোগ, দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানে জামায়াতের সদস্যদের তুলনামূলক বেশি আমন্ত্রণ জানানো হতো। এমনকি দূতাবাসের কর্মী না হলেও দলটির সদস্যদের এসব অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
রুবিনের মতে, জামায়াতের প্রতি এই সহনশীলতা এবং দলটির সদস্যদের নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগকে হালকাভাবে দেখার সুযোগ নেই। কারণ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করার পর মার্কিন কূটনীতিকেরা স্থানীয় কর্মীদের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। দূতাবাসের মার্কিন কর্মকর্তারা সাধারণত দুই বছর পরপর বদলি হয়ে যান। ফলে স্থানীয় কর্মীদের ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান ও সংশ্লিষ্টতা সম্পর্কে নতুন কর্মকর্তাদের পর্যাপ্ত ধারণা না থাকার ঝুঁকি তৈরি হয়।
তার যুক্তি, স্থানীয় কর্মীদের ওপর এই নির্ভরশীলতা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের মূল্যায়নকে প্রভাবিত করতে পারে। শেখ হাসিনাবিরোধী আন্দোলন শুরু হলে মার্কিন কর্মকর্তারা আন্দোলনটিকে এমনভাবে ব্যাখ্যা করেছেন, যাতে বাংলাদেশের প্রতিষ্ঠাতার কন্যা শেখ হাসিনা ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা গুরুত্ব পেয়েছে। অন্যদিকে বিল ও হিলারি ক্লিনটনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী মুহাম্মদ ইউনূসের ইসলামপন্থী রাজনৈতিক এজেন্ডার বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি বলে মনে করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে মুহাম্মদ ইউনূসের বিরোধের কারণ হিসেবেও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে পরিচালিত একটি তদন্তের কথা উল্লেখ করেছেন রুবিন। তার অভিযোগ, ক্লিনটন ফাউন্ডেশন যে ক্ষুদ্রঋণ কর্মসূচিকে আধুনিক ও কার্যকর উদ্যোগ হিসেবে তুলে ধরেছিল, বাস্তবে তা বাংলাদেশের দরিদ্র মানুষের ওপর ঋণের বোঝা চাপানোর এক ধরনের ‘পে-ডে লোন’ ব্যবস্থায় পরিণত হয়েছিল।
শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল না বলেও দাবি করেছেন রুবিন। তার মতে, পেছন ফিরে তাকালে এখন এমন অনেক তথ্যপ্রমাণ পাওয়া যায়, যা থেকে বোঝা যায়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো আন্দোলনটি পরিচালনা ও নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছিল। এ ক্ষেত্রে তারা প্রায়ই জামায়াতের মধ্যস্থতাকারীদের ব্যবহার করেছে বলে তার অভিযোগ।
নিবন্ধের শেষাংশে আবার ইউএনআরডব্লিউএর উদাহরণে ফিরে গেছেন রুবিন। তার বক্তব্য, হামাসের সদস্যরা সংস্থাটির ভেতরে প্রবেশ করে প্রশাসনিক কাঠামোর নিয়ন্ত্রণ ও কার্যক্রমে প্রভাব বিস্তার করেছিল। তাদের উপস্থিতি সম্পর্কে অন্ধ থাকার পরিণতি হয়েছিল ভয়াবহ। তার ভাষায়, ইউএনআরডব্লিউএ ব্যর্থ হয়েছিল এবং এর পরিণতিতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
রুবিনের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরেও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে। এমনকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বাধীন বর্তমান প্রশাসনেও এই প্রবণতা বন্ধ হয়নি বলে তিনি মনে করেন। তার মতে, মার্কিন দূতাবাসগুলোতে স্থানীয় নাগরিকদের নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক যাচাই-বাছাই যথেষ্ট গুরুত্ব পায় না। এর ফলে বিদেশি রাজনৈতিক গোষ্ঠীগুলো দূতাবাসের ভেতরে প্রভাব বিস্তার করে সংশ্লিষ্ট দেশের পরিস্থিতি সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের বিশ্লেষণ এবং শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে।
এ ক্ষেত্রে সবচেয়ে বড় বিদ্রূপ হিসেবে দেখছেন জামায়াতের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থানকে। রুবিন লিখেছেন, মার্কিন কংগ্রেস যখন জামায়াতকে সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠনের আড়ালে থাকা একটি শক্তি হিসেবে বিবেচনার প্রস্তুতি নিচ্ছে, তখন মার্কো রুবিওর নেতৃত্বাধীন পররাষ্ট্র দপ্তর এবং বিশেষ করে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস দলটির ভাবমূর্তি পরিষ্কার করার চেষ্টা করছে। একই সঙ্গে জামায়াতকে নিজেদের নীতিনির্ধারণী কার্যক্রমে প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছে।
রুবিনের মূল বক্তব্য, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বোঝার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যবস্থার ভেতরে স্থানীয় রাজনৈতিক প্রভাব ও সংশ্লিষ্টতা যাচাই করা জরুরি। বিশেষ করে জামায়াতের অতীত ভূমিকা, সন্ত্রাসবাদ নিয়ে দলটির নেতাদের বক্তব্য এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পর্কের অভিযোগ বিবেচনায় না নিয়ে দলটির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও কর্মী নিয়োগ অব্যাহত রাখলে তা যুক্তরাষ্ট্রের নিজস্ব নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
খবরটি শেয়ার করুন