ফাইল ছবি
বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা, শ্রমনীতি ও বাণিজ্যিক নীতির ক্ষেত্রে কথিত অসংগতির অভিযোগ তুলে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে পাঁচটি বিষয়কে ‘অযৌক্তিক কার্যক্রম ও নীতি’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।
১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় বাংলাদেশের বিরুদ্ধে এ উদ্যোগ নিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কয়েকটি নীতি ও কার্যক্রম যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ সীমিত করছে। এতে মার্কিন উৎপাদন খাতে কর্মসংস্থান, রপ্তানি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি।
বাংলাদেশের ক্ষেত্রে প্রথম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে গুরুত্বপূর্ণ উৎপাদন খাত ধরে রাখা ও সম্প্রসারণের জন্য সরকারের নেওয়া শিল্প পরিকল্পনাকে। দ্বিতীয় কারণ উৎপাদন ও রপ্তানি বাড়াতে বিশেষ প্রণোদনা দেওয়া। তৃতীয় কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, দেশে শ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। চতুর্থ কারণ আর্থিক দমনমূলক নীতি। আর পঞ্চম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, অপ্রচলিত বাজার অর্থনীতির দেশ থেকে আমদানি এবং সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় বাংলাদেশের ব্যর্থতা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব নীতির কারণে শুধু বাংলাদেশেই নয়, তৃতীয় দেশের বাজারেও মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকেরা বাণিজ্যিক সুযোগ হারাচ্ছেন। বিশেষ করে তৈরি পোশাক ও পোশাকশিল্পে অ-বাজার অর্থনীতির দেশ থেকে আসা কাঁচামালের ওপর বাংলাদেশের নির্ভরশীলতাকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখানো হয়েছে।
এ বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার বলেছেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্যিক অংশীদার উৎপাদন খাতকে লক্ষ্য করে শিল্পনীতি গ্রহণ, মজুরি ও শ্রম অধিকার দমন, আর্থিক সহায়তা এবং বাজার বিকৃতকারী নীতির মাধ্যমে নিজেদের অনুকূলে বাণিজ্যের ভারসাম্য টানছে। এতে যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তি দুর্বল হচ্ছে।
গ্রিয়ার আরও বলেন, জি-৭, জি-২০ ও বিশ্ব বাণিজ্য সংস্থার বিভিন্ন ফোরামে ধারাবাহিক আলোচনা ও বিবৃতির পরও এসব নীতিতে পরিবর্তন আসেনি। এ কারণে প্রেসিডেন্ট ট্রাম্প অন্যায্য কার্যক্রম ও নীতিগুলো বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করছেন। এর মাধ্যমে মার্কিন শ্রমিকদের জন্য প্রতিযোগিতার সমান সুযোগ তৈরি এবং বিশ্ব অর্থনীতির জন্য আরও টেকসই পথ নির্ধারণের লক্ষ্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান সুখবর ডটকমকে বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে। সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করে দেওয়ার পর ট্রাম্প প্রশাসন নানা অজুহাতে বাড়তি শুল্ক বসানোর উদ্যোগ নিয়েছে। এ ধরনের শুল্ক মুক্তবাজার অর্থনীতি নীতির বিরুদ্ধে। কারণ, একটি কারখানার মালিক তার রপ্তানি চাহিদা অনুসারে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেন। আবার যখন চাহিদা কমে যায়, তখন ওই সক্ষমতা থেকে যায়।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, অর্থনীতির বৈজ্ঞানিক ভিত্তি এবং বাণিজ্যিক নিয়মনীতির বিচারে এ ধরনের বাড়তি শুল্ক আরোপ অযৌক্তিক। যদি আরোপও করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের আমদানিকেরা তা বাংলাদেশি রপ্তানিকারকদের ওপর চাপিয়ে দিতে চাইবেন।
উল্লেখ্য, ২৫ নভেম্বর প্রকাশিত ইউএসটিআরের ঘোষণায় বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়; নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে ছাড় রেখে প্রস্তাবটি জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হয়েছে।
খবরটি শেয়ার করুন