ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৪ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
আজ মঙ্গলবার সিপিজে এশিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানায়।
রাবিতে গত ৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। এতে ৪ সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠে।
এ নিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়, একটি আবাসিক হলের সামনে সংবাদ সংগ্রহ করছিলেন ডেইলি স্টার, সমকাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও আগামীর সময়ের ক্যাম্পাস প্রতিনিধিরা। সে সময় ক্ষমতাসীন বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি ও বেসবল ব্যাট দিয়ে তাদের মারধর করে। আহত ৪ সাংবাদিককেই পরে হাসপাতালে ভর্তি করা হয়।
সিপিজে বলছে, ওই মারধরের ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরদিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করে।
সাংবাদিকরা যেন ক্যাম্পাসগুলোতে নিরাপদে ও কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই পেশাগত কাজ চালাতে পারে পারেন বিবৃতিতে সরকারের কাছে সে আহ্বান জানিয়েছে সংস্থাটি।
একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সিপিজে এশিয়া।
খবরটি শেয়ার করুন