রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাল নেই, তলোয়ারও নেই। তবে তিনি ‘নিধিরাম সরদার’ নন। তিনি ‘কল্পরাষ্ট্র’ ফ্রি রিপাবলিক অব ভার্দিস-এর ‘রাষ্ট্রপতি’। নিজেকে বিশ্বের সর্বকনিষ্ঠ ‘রাষ্ট্রপতি’ ঘোষণা দেওয়ার পরপরই ‘শত্রু’ দেশের আক্রমণে পরাস্ত এই নেতা। ‘চিরতরে দেশছাড়া’ হয়ে তিনি এখন ‘নির্বাসিত’ জীবন কাটাচ্ছেন নিজের দেশেই!

বলছি ড্যানিয়েল জ্যাকসনের কথা। ‘জেন জি’ প্রজন্মের এই নেতা স্বঘোষিত ‘ফ্রি রিপাবলিক অব ভার্দিস’-এর স্বঘোষিত রাষ্ট্র ও সরকারপ্রধান। যেহেতু ‘কল্পরাষ্ট্র’ ভার্দিস এখন অস্থায়ী সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তাই ‘দেশ’টির রাষ্ট্র ও সরকারব্যবস্থা ‘মৌলিক আইন’ মেনে চলছে। একটি স্থায়ী সরকার গঠিত না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই হয়তো চলতে থাকবে।

ড্যানিয়েল জ্যাকসনের জন্ম ২০০৪ সালের ৭ ডিসেম্বর, অস্ট্রেলিয়ার মেলবোর্নে। মা-বাবা দুজনেই যুক্তরাজ্যের বাসিন্দা। ড্যানিয়েলের বেড়ে ওঠা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে। বর্তমানে তিনি এই দুই দেশের নাগরিকও।

ভিনদেশের ‘রাষ্ট্রপতি’ হলেও ড্যানিয়েল থাকেন যুক্তরাজ্যের বন্দরনগরী ডোভারে। কোনো রাজকীয় প্রাসাদে নয়, বরং এক সাধারণ বাড়িতে। ২০১৯ সালের ৩০ মে মাত্র ১৪ বছর বয়সে ড্যানিয়েল নিজেকে ‘ফ্রি রিপাবলিক অব ভার্দিস’-এর ‘রাষ্ট্রপতি’ ঘোষণা করেন। নাম লেখান বিশ্বের সর্বকনিষ্ঠ রাজনীতিকের খাতায়।

সেই থেকে এখনো পর্যন্ত তিনি ভার্দিস প্রজাতন্ত্রের প্রধান নেতা। একটি কল্পিত দেশকে পরিকল্পিত রাষ্ট্রের রূপ দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাওয়া ড্যানিয়েল এখন বিশ্বমঞ্চে আলোচিত। দেশ-বিদেশের প্রভাবশালী গণমাধ্যমগুলো তাকে নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে।

‘রাষ্ট্রপতি’ ড্যানিয়েলের ওয়েবসাইটে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর থেকে তার প্রশাসন আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কঠোর সংগ্রাম করে যাচ্ছে। দেশ পরিচালনার খরচও জোগাড় করতে হচ্ছে। সর্বোপরি, দেশ গঠনে নিজেদের উৎসর্গ করে যাচ্ছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা।

এতে জানানো হয়, ভার্দিসে স্থায়ীভাবে বসবাসের আগে রাষ্ট্রপতি ড্যানিয়েল তার অনুসারীদের নিয়ে ভার্দিস পরিদর্শনে গিয়েছিলেন। সে সময় আন্তর্জাতিক আইন অমান্য করে ক্রোয়েশিয়ার পুলিশ ভার্দিসে অনুপ্রবেশ করে এবং তাদের আটক করে। এটা ছিল ২০২৩ সালের ১২ অক্টোবরের ঘটনা। এরপর থেকে ড্যানিয়েল আক্ষরিক অর্থেই ‘দেশছাড়া’।

গত ১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার এবিসি নিউজ ড্যানিয়েল জ্যাকসনকে নিয়ে তৈরি এক প্রতিবেদনে জানায়, আরও অনেকের মতো কোনো ক্লাব বা পানশালায় ঢুকতে ড্যানিয়েলকেও তার বয়সের প্রমাণ দিতে হয়। তবে তিনি তার অস্ট্রেলীয় পাসপোর্ট কাউকে দেখান না। তিনি দেখান এমন এক পরিচয়পত্র, যা আগে কেউ কখনো দেখেননি।

সংবাদমাধ্যমকে ড্যানিয়েল বলেন, ‘সবসময় আমি আমার ভার্দিসের পাসপোর্টটাই ব্যবহার করি। এতে কখনোই কোনো সমস্যা হয়নি।’ ‘ভার্দিস’ বলতে ড্যানিয়েল তার ১৪ বছর বয়সে আবিষ্কার করা ‘ফ্রি রিপাবলিক অব ভার্দিস’কে বোঝান। ছোট্ট এই কাল্পনিক রাষ্ট্রটির নামের আগে ‘ফ্রি’ শব্দ থাকলেও পৃথিবীর মানচিত্রে এই ভার্দিস কোনো স্বাধীন দেশ নয়।

দক্ষিণ-পূর্ব ইউরোপীয় রাষ্ট্র ক্রোয়েশিয়া ও সার্বিয়ার রাজনৈতিক সীমানা তৈরি করে বয়ে চলা দানিয়ুব নদীর বুকে এক বিতর্কিত জঙ্গলময় চরে এই ক্ষুদ্র স্বঘোষিত ‘দেশ’ ভার্দিস। এর আয়তন প্রায় ১২৪ একর। তবে ড্যানিয়েলের ভাষ্য, পৃথিবীর সবচেয়ে ছোট স্বীকৃত দেশ ভ্যাটিকানের তুলনায় আয়তনের দিক থেকে ভার্দিস একটু হলেও বড়।

ইতালির রাজধানী রোমের ভেতরে প্রায় ১২১ একর আয়তনের স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান মূলত রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর। ল্যাটিন শব্দ ‘ভিরিদিস’-এর অর্থ সবুজ। সেই শব্দ থেকে ‘ভার্দিস’ শব্দের উৎপত্তি। সংবাদ প্রতিবেদন অনুসারে, ভার্দিস শব্দের মাধ্যমে কল্পিত দেশটির রূপকারেরা পরিবেশের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করেছেন।

জানা যায়, জঙ্গল-ঝোপঝাড়ের পাশের এই বালুময় ভূখণ্ডে কোনো কালেই কোনো জনবসতি ছিল না। আন্তর্জাতিক আইন অনুসারে, ল্যাটিন পরিভাষা ‘টেরা নালিয়াস’ থেকে এসেছে ‘নোবডিজ ল্যান্ড’-এর ধারণা। অর্থাৎ, কোনো স্বীকৃত দেশ যে জায়গার দাবি করে না, সেই জায়গাকে ‘নোবডিজ ল্যান্ড’ হিসেবে চিহ্নিত করা হয়।

কিন্তু বর্তমানে যখন পৃথিবীর প্রতি ইঞ্চি জমির রাষ্ট্রীয় দাবিদার আছে, তাই এই আইন অনেকটাই অচল। তবুও ড্যানিয়েল ও তার সঙ্গীরা এই পুরোনো আইনের ওপর ভর করে নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা করে যাচ্ছেন।

জানা যায়, ২০১৫ সালের একটি ঘটনা কল্পরাষ্ট্র ভার্দিসের জন্মে প্রভাব ফেলেছে। সে বছর চেক প্রজাতন্ত্রের রাজনীতিক ভিত ইয়েদলিকা দানিয়ুব নদীর বুকে জেগে ওঠা প্রায় সাত কিলোমিটারের এক বিতর্কিত চরে ‘ফ্রি রিপাবলিক অব লিবারল্যান্ড’ নামে এক নতুন রাষ্ট্রের ঘোষণা দিয়ে সারা বিশ্বে আলোচনায় এসেছিলেন।

সে সময় ইয়েদলিকা বলেছিলেন, নতুন এই রাষ্ট্র হবে বিশ্বের সব মুক্তমনা মানুষের দেশ। এই রাষ্ট্র একদিকে হবে পরিবেশবান্ধব, অন্যদিকে হবে অত্যাধুনিক। থাকবে সব মানবিক অধিকার। এরপর নানা দেশ থেকে হাজারো মানুষ সেই নতুন ‘রাষ্ট্রের’ নাগরিক হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে শুরু করেন।

এখন সেই এলাকায় জনমানুষের প্রবেশ নিষেধ। ক্রোয়েশিয়ার সরকার পুরো এলাকা ঘিরে রেখেছে। কেউ সেই চরে যাওয়ার চেষ্টা করলেই ছুটে আসে নৌ পুলিশ। আটক করে ফেরত পাঠায় তাদের নিজ নিজ দেশে। ভৌগোলিক মানচিত্রে সেই দানিয়ুবের ‘পকেট থ্রি’ নামের আরেক চরে ড্যানিয়েল জ্যাকসন ‘ভার্দিস প্রজাতন্ত্র’ গড়ার ঘোষণা দিয়েছেন।

গত বছরের ২৯ অক্টোবর সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ‘লিবারল্যান্ড প্রজাতন্ত্র’ ঘোষণার ঘটনা জানার পর ড্যানিয়েল নিজেও এ ধরনের কাণ্ড ঘটানোর উদ্যোগ নেন। তিনি নতুন ভাবনা ও নতুন লোকজন নিয়ে সেই দানিয়ুবের তীরে আসেন।

ড্যানিয়েল নদীটির ‘পকেট থ্রি’ চরে নিজের ভাবনামতো আরেকটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলার জন্য অনলাইনে আলোচনা তোলেন। এরপর একসময় সমমনাদের নিয়ে কাজ শুরু করে দেন।

বন্ধুদের মত নিয়ে ড্যানিয়েল জ্যাকসন সেই নতুন চরে গিয়ে ২০২৩ সালের ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ‘ফ্রি রিপাবলিক অব ভার্দিস’ ঘোষণা দেন। সে সময় তিনি সমর্থকদের ভোটে দেশটির ‘রাষ্ট্রপতি’ও নির্বাচিত হন। তবে তিনি এখনো নিজেকে ভার্দিসের ‘রাষ্ট্রপতি’ বলে পরিচয় দিলেও তার সেই রাষ্ট্র ২৪ ঘণ্টাও স্থায়ী হয়নি।

দানিয়ুবের চরে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার কথা জানতে পেরে পরদিন সকালে ক্রোয়েশিয়ার পুলিশ সেখানে যায় এবং সেখানে তাবু করে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। সবাইকে ছেড়ে দেওয়া হলেও কথিত ভার্দিসের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে চিরদিনের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা দেয় ক্রোয়েশিয়ার সরকার।

সিএনএনের কাছে ড্যানিয়েল এ ঘটনাকে প্রথম ‘জাতীয় সংকট’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে দেশটির হালকা নীল ও সাদার মধ্যে জাতীয় প্রতীকবাহী পতাকাটির মান সমুন্নত রাখার আশাও প্রকাশ করেছেন তিনি। আরও বলেছেন, বাস্তবিক অর্থে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হলে তিনি নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব ছেড়ে দেবেন।

ভার্দিসের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, দেশটি হবে পরিবেশবান্ধব। এই দেশে সব মানুষের কথা শোনা হবে। সরকারি নির্যাতন থাকবে না। সবার সমান অধিকার থাকবে। ভার্দিসের সরকার চায় আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দেশটিকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিক। এতে আরও বলা হয়েছে, এই দেশকে বাস্তবিক রূপ দেওয়ার কাজ প্রতিদিনই একটু একটু করে এগিয়ে যাচ্ছে।

তবে ২০২৩ সালের ১২ অক্টোবর ক্রোয়েশিয়ার সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কিছু বিষয়ে অগ্রগতি ধীর। ভার্দিসের সরকার আইন মেনে কূটনৈতিক উপায়ে বিষয়টি সমাধানের পথে হাঁটছে বলেও ওয়েবসাইটে বলা হয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে—এমন দাবিও করা হয়েছে সাইটটিতে।

গত বছরের ১৯ আগস্ট ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, ড্যানিয়েল জ্যাকসন ইউরোপীয় সংগীত প্রতিযোগিতা ইউরোভিশনে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। শুধু তা-ই নয়, তিনি ইউরোজোন ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যও হতে চান।

সিএনএনের সেই প্রতিবেদনটিতে ড্যানিয়েল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ড্যানিয়েল বলেছেন যে অন্তত ৪০০ ব্যক্তি ভার্দিসের ‘নাগরিক’ হতে ইচ্ছুক। এবিসির প্রতিবেদনটিতে বলা হয়েছে, ৪০০ জনের নাগরিকত্ব ছাড়াও আরও ২ হাজার মানুষ ‘ই-রেসিডেন্সির’ আবেদন করেছেন।

বিশেষ করে ‘জেন জি’ প্রজন্মের মানুষ ড্যানিয়েলের সঙ্গে যোগ দিচ্ছেন। একসময় বন্ধুদের আড্ডায় রসিকতা হিসেবে যে ভাবনাটি নিয়ে আলোচনা হয়েছিল, আজ তা বাস্তবায়নে ড্যানিয়েল বদ্ধপরিকর।

নিজ দেশের ভবিষ্যৎ নাগরিকদের সম্পর্কে ড্যানিয়েল এবিসিকে বলেন, ‘কেউ কেউ ইতিহাসের অংশ হতে চান। আবার কেউ নতুন জায়গায় থিতু গাড়ার চিন্তা করছেন।’ ইতিমধ্যে যুক্তরাজ্যের ডোভার ও সার্বিয়ার নোভি সাদ শহরে ভার্দিস প্রজাতন্ত্রের প্রতিনিধি কার্যালয় খোলা হয়েছে বলে সংবাদ প্রতিবেদনগুলো থেকে জানা গেছে।

জে.এস/

ড্যানিয়েল জ্যাকসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250