ছবি: সংগৃহীত
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম দিকের ‘জাতীয় কবরস্থানে’ দাফন করা হবে। এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আজ রোববার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া থাকলে জাতীয় সংসদের টানেলে জানাজা হতে পারে বলে সূত্রে জানা গেছে। পরে জাতীয় সংসদের দক্ষিণ-পশ্চিম দিকের জাতীয় কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ-পশ্চিম দিকের মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশের পাঁচ বিঘা জায়গাকে ‘জাতীয় কবরস্থান’ ঘোষণা করা হয়েছিল। ১৯৮২ সালের পরে সেখানে সাতজনকে দাফন করা হয়। তারা হলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও আতাউর রহমান খান, সাবেক প্রধানমন্ত্রী মশিউর রহমান যাদু মিয়া, মুসলিম লীগ নেতা ও সাবেক পাকিস্তানি মন্ত্রী খান এ সবুর, পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার তমিজউদ্দীন খান এবং প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক এবং সাবেক রাজনীতিক আবুল মনসুর আহমদ।
এ ছাড়া জাতীয় সংসদ ভবনের উত্তরে জিয়া উদ্যানে দাফন করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।
খবরটি শেয়ার করুন