শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

রেলওয়ে হাসপাতালগুলো উন্মুক্ত হচ্ছে সর্বসাধারণের জন্য

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

রেলওয়ের ব্যবস্থাপনায় পরিচালিত হাসপাতালগুলোতে এখন থেকে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি সাধারণ জনগণও চিকিৎসা সেবা নিতে পারবেন।

আজ সোমবার (২১শে এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান নিজ নিজ দপ্তরের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী, রেলওয়ের ব্যবস্থাপনায় পরিচালিত হাসপাতালগুলো রেলপথ মন্ত্রণালয়, রেলওয়েতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, রেলপোষ্য ও রেলওয়ের যাত্রীসাধারণের পাশাপাশি সাধারণ জনগণের জন্য চিকিৎসা সুবিধা উন্মুক্তকরণ এবং স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে যৌথভাবে চিকিৎসাসেবা দেবে। 

এ সমঝোতা স্মারক অনুযায়ী রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, রেলপোষ্য ও যাত্রী সাধারণের চিকিৎসা সংক্রান্ত সব সুযোগ-সুবিধা আগের মতো বহাল থাকবে।

ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের বিভিন্ন শহরে স্বাস্থ্যসেবা বিভাগের অধীন হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় থাকে। অন্যদিকে রেলওয়ের ব্যবস্থাপনায় পরিচালিত হাসপাতালগুলোতে রোগীর উপস্থিতি একেবারেই নগণ্য।

এর ফলে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় রেলওয়ে হাসপাতালগুলো সর্বসাধারণকে সেবা দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হলে অধিক সংখ্যক মানুষ স্বাচ্ছন্দ্যে স্বাস্থ্যসেবা নিতে পারবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়।

রেলওয়ে হাসপাতালগুলোর সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি এ সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী, যৌথভাবে স্বাস্থ্যসেবা বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় ব্যবহৃত ও পরিচালিত হবে। বিদ্যমান জনবল কাঠামোর অধীনে নিয়োগকৃত জনবলের প্রশাসনিক ও সংস্থাপনিক কার্যক্রম রেলওয়ের আওতায় আগের মতো বলবৎ থাকবে।

স্বাস্থ্যসেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে গঠিত ইনভেনটরি কমিটির প্রস্তুতকৃত তালিকা অনুসারে স্বাস্থ্যসেবা বিভাগ হাসপাতালের সব অস্থাবর সম্পত্তি বুঝে নেবে এবং এগুলোর রক্ষণাবেক্ষণ, মেরামত, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।

এইচ.এস/

রেলওয়ে হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250