শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুনভাবে তৈরি হচ্ছেন নিরব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দারুণ সময় কাটাচ্ছেন চিত্রনায়ক নিরব। যুক্ত হচ্ছেন একের পর এক নতুন সিনেমায়। সামছুল হুদার ‘গোলাপ’ এবং অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ সিনেমার পর নিরব যুক্ত হলেন কামরুল হাসান ফুয়াদের ‘দেশ’ সিনেমায়। গত মঙ্গলবার (৫ই আগস্ট) রাতে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় নতুন এই সিনেমার।

নির্মাতা কামরুল হাসান ফুয়াদ জানান, দেশ নির্মাণ হবে পুলিশি অ্যাকশন ঘরানায়। এতে নামভুমিকায় অভিনয় করবেন নিরব। তাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। মুক্তির আগে সিনেমার গল্প নিয়ে বিস্তারিত কথা বলতে চান না নির্মাতা। শুধু জানালেন, অস্ত্র চোরাকারবারির গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমার কাহিনি।

কামরুল হাসান ফুয়াদ বলেন, ‘বাংলাদেশে কোনো অস্ত্র উৎপাদন হয় না। কিন্তু অস্ত্র চোরাকারবারির ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয় আমাদের দেশকে। সেই চক্রকে ধ্বংস করার জন্য মিশনে নামে পুলিশ কর্মকর্তা দেশ। এখানে দেশপ্রেমের সঙ্গে দেশ পুলিশ কর্মকর্তার ব্যক্তিজীবনের নানা বিষয়ও উঠে আসবে।’

কবে নাগাদ শুটিং শুরু হবে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আগামী ১৬ই ডিসেম্বর দেশ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করা হয়েছে। এখন আমাদের নায়ক নিরব হোসেনের হাতে দুটি সিনেমা রয়েছে। তাই একটু সময় নিচ্ছি। তা ছাড়া, দেশ সিনেমার জন্য লুক চেঞ্জ করতে হবে নিরবকে। তাই হাতের কাজগুলো শেষ করে নিজেকে নতুনভাবে তৈরি করবেন নিরব।’

জে.এস/

নিরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250