ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় অভিবাসন পাসের (ভিসা ও ওয়ার্ক পারমিট) শর্ত লঙ্ঘনের ঘটনায় সবচেয়ে বেশি জড়িত বাংলাদেশি নাগরিকেরা। ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশিদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে দেওয়া লিখিত প্রশ্নের জবাবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল এই তথ্য জানান। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশিদের পরই আছেন থাইল্যান্ডের নাগরিকেরা (৪ হাজার ৮৫৬টি)। এরপর যথাক্রমে ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪টি, চীনের ১ হাজার ২০৭টি, ভিয়েতনামের ১ হাজার ৪৬টি, পাকিস্তানের ৮২৩টি, মিয়ানমারের ৫৩১টি, ভারতের ৫০০টি, নেপালের ৩২৮টি, লাওসের ১৭২টি এবং ফিলিপাইনের নাগরিকদের ১৫৭টি ঘটনার কথা পার্লামেন্টকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় মোট ১৮ হাজার ৮৩৮টি পাসের শর্ত লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। স্টার অনলাইনের হিসাবে, এর প্রায় ৩৭ শতাংশ ঘটনায় বাংলাদেশিরা জড়িত।
অন্যদিকে দ্য স্টারের ২০২৫ সালের আগস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, ওই বছরের জুন পর্যন্ত মালয়েশিয়ায় ৮ লাখ ৩ হাজার ৩৩২ বাংলাদেশি অস্থায়ী কর্ম পরিদর্শন পাসে (পিএলকেএস) কর্মরত ছিলেন, যা দেশটির মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশ। অর্থাৎ পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশিদের অনুপাত মোট বিদেশি শ্রমিকের মধ্যে তাদের অনুপাতের প্রায় সমান।
তবে দুই হিসাবের সময় আলাদা এবং ১৮ হাজার ৮৩৮টি ঘটনা কোন ধরনের পাসে ঘটেছে, তার বিস্তারিত তথ্য মন্ত্রী জানাননি। ফলে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেশি হওয়ায় তাদের ঘটনা বেশি, নাকি তাদের ওপর নজরদারি বেশি, তা এই তথ্য থেকে নিশ্চিতভাবে বলা যায় না।
পার্লামেন্টে সংসদ সদস্য দাতুক সেরি ড. উই কা সিয়ং জানতে চেয়েছিলেন, ২০২৩ সাল থেকে সামাজিক ভ্রমণ পাস নিয়ে কাজ করার অভিযোগে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির জাতীয়তা কী এবং তারা কোন খাতে কাজ করতেন। তবে অভিযুক্ত অভিবাসীদের কাজের খাতভিত্তিক তথ্য মালয়েশিয়া সরকার দেয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান, কোনো বিদেশি নাগরিক সামাজিক ভ্রমণ পাস বা সামাজিক ভ্রমণ ও পর্যটনের জন্য ভিসা ছাড়ের সুবিধা পেলেও মালয়েশিয়ায় থেকে কাজ বা ব্যবসা পরিচালনার অধিকার পান না।
ভিসা ছাড়াই কিংবা সামাজিক ভ্রমণ পাস নিয়ে মালয়েশিয়ায় প্রবেশের পর বিদেশিদের অবৈধ বাণিজ্যিক ও খুচরা ব্যবসায় জড়িত থাকার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ।
এসব অভিযানে ৭২ হাজার ৮৫৪ জনকে যাচাই-বাছাই করা হয় এবং পাসের শর্ত লঙ্ঘনের দায়ে ২ হাজার ৩০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।
খবরটি শেয়ার করুন