ফাইল ছবি
ক্রিকেটের আলোচিত ‘স্যান্ডপেপার-গেট’ বা বল টেম্পারিং বিতর্ক এখনই থামানোর আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার বেন স্টোকস। তার মতে, এই বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ায় অস্ট্রেলিয়ায় রীতিমতো ‘গৃহযুদ্ধ’ শুরু হয়েছে এবং এমন সব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাদের কোনো দোষই নেই।
সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাওয়াজা তার আত্মজীবনী ‘সবর’-এ দাবি করেছেন, ২০১৮ সালের কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় অস্ট্রেলিয়া দলের প্রত্যেক সদস্যই জড়িত ছিলেন। খাওয়াজার এই দাবির পরই পুরোনো সেই কেলেঙ্কারি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়।
আজ বৃহস্পতিবার মার্ক উডের সঙ্গে যৌথভাবে সঞ্চালনা করা ‘দ্যাটস নট ক্রিকেট’ পডকাস্টে কথা বলেন স্টোকস। তিনি মনে করেন, ওই ঘটনাটি যেভাবে সামাল দেওয়া হয়েছিল, তার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াই দায়ী।
স্টোকস বলেন, ‘অস্ট্রেলিয়ায় এখন রীতিমতো গৃহযুদ্ধ চলছে। এই পরিস্থিতির সঙ্গে জড়িত ক্রিকেটার, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের কথা ভেবে, তাদের পরিবার ও বন্ধুদের স্বার্থে এখন সবচেয়ে ভালো কাজ হবে এটি থামিয়ে দেওয়া। কারণ এর ফলে এমন সব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাদের মোটেও এমন পরিস্থিতির শিকার হওয়ার কথা নয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমি দেখেছি, যাদের কোনো মানসিক চাপ বা উদ্বেগের মধ্য দিয়ে যাওয়ার কথা নয়, এই ঘটনা তাদের কী অবস্থায় ফেলেছে। সে সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্বে যারা ছিলেন, তাদের অনেক প্রশ্নের জবাব দিতে হবে।’
ওই ঘটনায় কেবল ক্যামেরন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথই দোষী ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে স্টোকস জানান, আসল সত্য হয়তো অদূর ভবিষ্যতেও আড়ালেই থেকে যাবে।
স্টোকসের ভাষায়, ‘এ বিষয়ে আমার নিজস্ব মতামত আছে। দীর্ঘদিন ড্রেসিংরুমে থাকার অভিজ্ঞতা থেকে কী ঘটেছিল সে সম্পর্কে আমার একটি সুস্পষ্ট ধারণা রয়েছে। তবে আমার মনে হয় না অদূর ভবিষ্যতে আমরা আসল সত্যটা জানতে পারব, কারণ এর শিকড় অনেক গভীরে। তবে সবাই জানে যে বলের ওপর শিরীষ কাগজ (স্যান্ডপেপার) ব্যবহার করা হয়েছিল এবং এতে কোনো সন্দেহ নেই—এটাই বাস্তব।’
স্টোকসের সুরে সুর মিলিয়ে ইংলিশ পেসার মার্ক উড বলেন, বিষয়টি এখন সীমা ছাড়িয়ে গেছে। তিনি বলেন, ‘টিভি ক্যামেরাগুলো মানুষের বাড়িতে গিয়ে হাজির হচ্ছে, যেখানে বাচ্চারাও থাকে। আমার মনে হয়, এটি বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে।’
খবরটি শেয়ার করুন