সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে সঙ্গে নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য চলমান ১৪টি পিংক বাসের সঙ্গে দ্রুত আরও ১০০টি বাস চালুর ব্যবস্থাও নেওয়া হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় দ্রুত আরও ১০০টি বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নেওয়া প্রকল্পগুলোতেও সোজা সড়ক নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

কমিটি কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে ছিলেন কমিটির সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান। বিশেষ আমন্ত্রণে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বৈঠকে যোগ দেন।

পিংক বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250