সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর *** শেখ হাসিনাকে ফেরানোর শর্ত নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ *** ‘নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই’ *** পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা, আওয়ামী লীগের ‘ভিন্ন দাবি’ *** নিকারের সভায় নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন *** মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবরে ফতুল্লার এক কারখানায় কর্মবিরতি

১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’ একসময় বিশ্ব ফুটবলে কত স্বপ্নই না দেখিয়েছিল। কেভিন ডি ব্রুইনা, এডেন হ্যাজার্ড, থিবো কোর্তোয়াদের নিয়ে গড়া সেই দলের অন্যতম ভরসা ছিলেন রোমেলু লুকাকু। বিশ্বকাপ জেতার স্বপ্ন অবশ্য পূরণ হয়নি। তবে দেশের জার্সিতে গোলের পর গোল করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে এবার জাতীয় দলকে বিদায় বলে দিলেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লুকাকু। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বেলজিয়ামের হয়ে ১৩৫ ম্যাচে করেছেন ৯৪ গোল। শুধু নিজের দেশেরই নন, ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে আছেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে লুকাকু লিখেছেন, ‘এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমার যা কিছু ছিল, সবই দিয়েছি। দারুণ একটা পথচলা ছিল। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’

২০১০ সালে কিশোর বয়সে বেলজিয়ামের জার্সিতে অভিষেক হয়েছিল লুকাকুর। এরপর খেলেছেন চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ২০১৮ বিশ্বকাপ। রাশিয়ায় সেবার তৃতীয় হয়েছিল বেলজিয়াম, যা বিশ্বকাপে দেশটির ইতিহাসের সেরা সাফল্য।

তবে লুকাকুদের সেই সোনালি প্রজন্মকে ঘিরে প্রত্যাশা ছিল আরও অনেক বেশি। ডি ব্রুইনা, হ্যাজার্ড, কোর্তোয়াদের নিয়ে গড়া দলটি দীর্ঘ সময় ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকলেও কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জিততে পারেনি। এবারের বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে শেষ হয়েছে বেলজিয়ামের যাত্রা। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।

অবসরের ঘোষণায় সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন লুকাকু, ‘বেলজিয়ামের সমর্থকদের ধন্যবাদ, আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সেই মুহূর্তগুলো কখনো ভুলব না। এখানেই থামার সিদ্ধান্ত নিয়ে আমি শান্তিতে আছি।’

বেলজিয়ামের হয়ে লুকাকুর শেষ ম্যাচটি ছিল গত অক্টোবরে ফ্রান্সের বিপক্ষে। সেই ম্যাচে ৪-১ গোলে হেরেছিল তার দল। রোববার নেশনস লিগে ইতালিকে একই ব্যবধানে হারানোর ম্যাচে স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি বর্তমানে তুরস্কের ফেনারবাচেতে খেলা এই ফরোয়ার্ড।

জাতীয় দলকে বিদায় বলার আগে সতীর্থ ও কোচদের কথাও মনে করেছেন লুকাকু, ‘দুর্দান্ত কিছু সতীর্থের সঙ্গে খেলেছি, যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সব কোচকেও ধন্যবাদ, যারা আমাকে বিশ্বাস করেছেন এবং দলকে সাহায্য করতে উৎসাহ দিয়েছেন।’

লুকাকুর বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থরাও। মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেল লিখেছেন, ‘কিংবদন্তি, আমার ভাই।’ গোলরক্ষক কোর্তোয়ার বার্তা, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, ভাই। কত অসাধারণ স্মৃতি!’

বেলজিয়ামের সাবেক গোলরক্ষক ও বর্তমানে দেশটির ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সিমন মিনিওলেও স্মরণ করেছেন লুকাকুর অবদান। তার ভাষায়, ‘মাঠের অসাধারণ পারফরম্যান্সের বাইরেও সে ছিল সত্যিকারের নেতা। শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী লুকাকু ড্রেসিংরুমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি এবং জাতীয় দলের জন্য যা কিছু করেছে, তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।’

রোমেলু লুকাকু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250