সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর *** শেখ হাসিনাকে ফেরানোর শর্ত নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ *** ‘নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই’ *** পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা, আওয়ামী লীগের ‘ভিন্ন দাবি’ *** নিকারের সভায় নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন *** মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবরে ফতুল্লার এক কারখানায় কর্মবিরতি *** শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে সোপর্দ করেছেন জবি শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে ওই কর্মকর্তাদের আটক করা হয়।

এ সময় দুই সংগঠনের নেতাকর্মীরা বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও সরিয়ে নেন।

আটক পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

সকাল থেকে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে যান এবং ‘লীগ ধর, জেলে ভর’সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

দুই সংগঠনের দাবি, নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার কর্মকাণ্ডে জড়িত বলে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করতে এ অভিযান চালানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যও যাচাই করা হচ্ছে বলে জানায় তারা।

জবি শাখা ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া বলেন, ‘যেসব কর্মকর্তা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং এখনো দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়, তাদের সঙ্গে কোনো আপস হতে পারে না। ওই ব্যক্তি আমাদের কেউ হোক বা অন্য কেউ, সেটা বিবেচ্য নয়। আওয়ামী লীগের সঙ্গে জড়িত যে কারও বিরুদ্ধে আমরা অবস্থান নেব।’

অভিযানে শনাক্ত কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আজকের বাংলাদেশ চৌদ্দশ মানুষের লাশের ওপর দাঁড়িয়ে আছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে।’

তিনি বলেন, সাবেক অন্তর্বর্তী সরকারের সময় থেকেই ক্যাম্পাসে শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে তারা সব সক্রিয় ছাত্র সংগঠনের সঙ্গে কাজ করেছেন এবং ধারাবাহিকভাবে গণপিটুনির বিরোধিতা করে এসেছেন।

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় সংযমের পরিচয় দিয়েছি। কিন্তু আমাদের ধৈর্যকে দুর্বলতা ভেবে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন।’

হিমেল আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর আওয়ামী লীগ ও ছাত্রলীগে পদে থাকার বিষয়ে তারা সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন।

তিনি বলেন, ‘এসব কর্মকর্তা দেশের বিভিন্ন জায়গায় সহিংসতায় অর্থায়ন করেছেন। ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের টাকা ব্যবহার করে যারা ফ্যাসিবাদে অর্থায়ন করে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। জবাবদিহি নিশ্চিত করতে তাদের প্রশাসনের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জবি প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমদ বলেন, ‘পরিস্থিতি তো এমন যে গতকাল একটি জেলাকেও স্বাধীন ঘোষণা করা হয়েছে। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত যে কারও বিষয়ে আমরা জিরো টলারেন্স। যেসব অভিযোগ উঠেছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে এবং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্রদল-ছাত্রশক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250